নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসপূর্ণিমার উৎসবের আবহে নবদ্বীপে গিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির ও আশ্রমের অসমাপ্ত গবেষণাকেন্দ্রের কাজ শেষ করতে ২ কোটি টাকা এবং একটি গোশালা নির্মাণের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন তিনি। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে নবদ্বীপের ফেরিঘাট আধুনিকীকরণেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার রাসপূর্ণিমা উৎসবের সূচনা করতে নবদ্বীপে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই শ্রীচৈতন্য জন্মস্থান মন্দিরে পুজো দেন তিনি। পরে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গবেষণাকেন্দ্রের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে গবেষণাকেন্দ্রের নির্মাণকাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। সেই কাজ সম্পূর্ণ করতেই ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, আশ্রমে গোশালা তৈরির জন্য বরাদ্দ করা হবে আরও ১ কোটি টাকা। তিনি আরো আশ্বাস দেন, শুধু গবেষণাকেন্দ্র বা গোশালা নয়, নবদ্বীপের চলমান সম্প্রসারণমূলক কাজ এবং প্রস্তাবিত পরিকাঠামো উন্নয়নের কাজও আগামী দু’মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফেরিঘাট আধুনিকীকরণে। এর ফলে নিয়মিত ফেরি পরিষেবা চালু করা এবং পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নবদ্বীপে আসবেন তিনি। তখন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন। আশ্রম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, অর্থের কোনও অভাব হবে না। গবেষণাকেন্দ্রের কাজ এগিয়ে নিয়ে যেতে ভক্তরাও নিজেদের উদ্যোগে অর্থসাহায্য করেছেন বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠান থেকে আগের সরকারকেও নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে যথাযথ মর্যাদা দেয়নি পূর্ববর্তী সরকার। বরং শহরে একটি দেশি মদের দোকান এবং আটটি বিদেশি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।



