সিয়াটেল: ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। মুখোমুখি আমেরিকা ও বেলজিয়াম। সেই ম্যাচ আজও দুই দেশের ফুটবলপ্রেমীদের মনে অমলিন। একদিকে মার্কিন গোলরক্ষক টিম হাওয়ার্ডের অবিশ্বাস্য লড়াই। ১৬টি সেভ করে বিশ্বকাপের নক-আউট পর্বে এক ম্যাচে সর্বাধিক সেভের রেকর্ড গড়েছিলেন তিনি। অন্যদিকে, অতিরিক্ত সময়ে কেভিন ডি’ব্রুইন ও রোমেলু লুকাকুর গোলে কঠিন বাধা টপকে বেলজিয়ামের কোয়ার্টার-ফাইনালে ওঠার রোমাঞ্চকর কাহিনি। এক যুগ পর আবারও কাপযুদ্ধে শেষ ষোলোয় মুখোমুখি দুই দল। মঙ্গলবার সিয়াটেল স্টেডিয়ামে আরও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় ফুটবল বিশ্ব।
গ্রুপ পর্বে ৯ পয়েন্ট নিয়ে নক-আউটে উঠেছে আমেরিকা। রাউন্ড অব ৩২-তে বসনিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মরিসিও পোচেত্তিনো ব্রিগেড। তবে চোট ও কার্ড সমস্যায় কিছুটা চাপে রয়েছে আয়োজকরা। বসনিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না বালোগান। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন রিকার্ডো পেপি। এছাড়া মার্ক ম্যাকেঞ্জি ও ক্রিশ্চিয়ান রোলডানের চোটও ভাবাচ্ছে পোচেত্তিনোকে। অন্যদিকে, গ্রুপ পর্বে একটি জয় ও দু’টি ড্র করে ৫ পয়েন্ট নিয়ে নক-আউটে উঠেছে বেলজিয়াম। তবে এখনও নিজেদের সেরা ছন্দ মেলে ধরতে পারেননি ডি’ব্রুইন-লুকাকুরা। তাছাড়া সিয়াটেলে ভরা গ্যালারির সমর্থন থাকবে আমেরিকার সঙ্গে। ফলে বাড়তি চাপ থাকবে বেলজিয়ামের উপর।