


সংবাদদাতা, করিমপুর: রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফা ভোটের শেষ প্রচারে সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রোড শোয়ে হাজির হয় এলাকার কয়েক হাজার কর্মী, সমর্থক। তবে এদিনের মিছিলে তারকা জুন মালিয়া ও কৌশানি মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ফলে হতাশ করিমপুরের মানুষ ও দলের কর্মী, সমর্থকদের একাংশ। করিমপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর প্রচারে জুন ও কৌশানিকে এক ঝলক দেখতে রাস্তায় ভিড় উপচে পড়ে। নতিডাঙা মোড় থেকে নাটনা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে এই রোড শো হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা না আসায় কয়েক হাজার কর্মী, সমর্থক নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন প্রার্থী সোহম চক্রবর্তী। সব মিলিয়ে শেষ মুহূর্তে দুই অভিনেত্রী প্রচারে না এলেও এদিনের মিছিলে সমর্থকদের উপস্থিতি দলের কর্মীদের মনোবল বাড়িয়েছে।
করিমপুর ২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন বিশ্বাস জানান, এবারের নির্বাচনে শুরু থেকেই বাড়ি, বাড়ি প্রচারে জোর দেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে দলের নেতৃত্ব ও কর্মীরা গ্রাম থেকে গ্রাম, বুথ থেকে বুথে পৌঁছেছেন। শুধু পথসভা বা বড় মিটিং নয়, কর্মি সম্মেলন, জনসংযোগ এবং ছোটো ছোটো বৈঠকের মাধ্যমেও ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা হয়েছে।
অন্যদিকে, করিমপুর ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমিক সরকার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা ছাড়া তেমন বড় কোনও সভা করা হয়নি এবার। আজকের রোড শো-তে কয়েক হাজার মানুষ শামিল হন। মানুষের এই উন্মাদনাই প্রমাণ করে দিচ্ছে, ভোটের ফলাফল কী হতে চলেছে। গত বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে ২৩ হাজার ভোটে জয় পেয়েছিল তৃণমূল। এবার সেই ব্যবধান দ্বিগুণ হবে বলেই আমরা নিশ্চিত।
অন্যদিকে, তৃণমূলের পাশাপাশি প্রচারের শেষ দিনে বেলা ১১ টায় রোড শো করার কথা ছিল কংগ্রেস প্রার্থীর। দলীয় সুত্রে জানা গিয়েছে, এদিনের রোড শো এবং একটি জনসভায় হাজির থাকার কথা ছিল প্রাক্তন খেলোয়াড় ও সাংসদ মহম্মদ আজাহারউদ্দিনের। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় সেই কর্মসূচি ও মিটিং বাতিল হয়। করিমপুরের কংগ্রেস প্রার্থী পুজা রায় চৌধুরী জানান, এদিন আমাদের সব রকম অনুমতি দেওয়া হয়েছিল। শিকারপুরের ফুনকাতলায় অস্থায়ী হেলিপ্যাডে আজাহারউদ্দিনের হেলিকপ্টার থেকে নেমে হুড খোলা গাড়িতে করিমপুর হয়ে থানারপাড়া পর্যন্ত আসার কথা ছিল। কিন্তু হঠাৎ অনুমতি বাতিল হওয়ায় আজাহারউদ্দিন ভোট প্রচারে আসতে পারেননি। • ভোটপ্রচারে করিমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। -নিজস্ব চিত্র