সংবাদদাতা, উলুবেড়িয়া: ফের বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। ওই দপ্তর সূত্রে খবর, অভিযানে ১৬ হাজার ১৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ টাকা। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আবগারি দপ্তরের সুপারিন্টেডেন্ট একলব্য চক্রবর্তীর নেতৃত্বে উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুর ও জগৎবল্লভপুরের আবগারি বিভাগ একযোগে অভিযান চালায়। এই অভিযান চলে উলুবেড়িয়ার মদাই, ধুলাসিমলা, হীরাগঞ্জের নদী তীরে। তাতে ১৬ হাজার ১৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। এর মধ্যে হীরাগঞ্জ নদীর তীর থেকে ১৫ হাজার ৬৪০ লিটার এবং মদাই থেকে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। অভিযানে একটি দু’চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর, দু’টি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



