নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোলট্রির মুরগির খাদ্যে এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি আয়োজিত এক সম্মেলনে পোলট্রি মালিকদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। মুরগির খাদ্যে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ডিম ও মাংস খাওয়া ক্ষতিকর বলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে। এই পরিপ্রেক্ষিতে প্রাণী বিশ্ববিদ্যালয়ের উপর এক আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে প্রাণী বিশেষজ্ঞদের পাশাপাশি পোলট্রি মালিকদের সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। মুরগির খাদ্যে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। রাজ্য পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মদনগোপাল মাইতি দাবি করেন, এখন তাঁরা মুরগির খাদ্যে অ্যান্টিবায়োটিকের বদলে প্রাকৃতিক উপাদান দেন। প্রোবায়োটিক ও অ্যাসিড প্রতিরোধক বিভিন্ন প্রাকৃতিক উপাদান খাদ্যে দেওয়া হয়। এগুলির কোনও ক্ষতিকারক প্রভাব মুরগির ডিম ও মাংসের মধ্যে পড়ে না।



