শান্তনু দত্ত: আগামী শুক্রবারই ১৫ আগস্ট। স্বাধীনতা দিবস। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে জাতীয় পতাকা উত্তোলন করবে। আবার ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেও জাতীয় পতাকা তোলা হয়। একটি দেশের গর্ব ও সম্মানের প্রতীক জাতীয় পতাকা। কত মানুষের আত্মবলিদান, ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে রয়েছে এর নেপথ্যে। প্রতিটি দেশেরই নিজস্ব একটি জাতীয় পতাকা রয়েছে। রং, প্রতীক, নকশা, আকার-আকৃতির ভিত্তিতে সেগুলি স্বতন্ত্র। তবে বেশ কয়েকটি দেশের জাতীয় পতাকা রয়েছে, যেগুলি বৈশিষ্ট্যে সম্পূর্ণ ব্যতিক্রমী। সেগুলিকে বিশ্বের অন্যান্য দেশের পতাকার সঙ্গে একেবারেই মেলানো যায় না। তেমনই কয়েকটি দেশের পতাকার গল্প রইল তোমাদের জন্য।
নেপাল:
বিশ্বের অধিকাংশ জাতীয় পতাকা মূলত চতুর্ভূজ। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম নেপাল। দু’টি ত্রিভুজের সমাহারে গঠিত পতাকাটি রেডোডেনড্রন ফুলের মতো লাল বর্ণের। এই লাল যুদ্ধ জয় ও সাহসিকতার প্রতীক। শান্তির প্রতীক হিসেবে নীল রঙের বর্ডার রয়েছে চারদিকে। উপরের ত্রিভুজে চাঁদ ও নীচে আঁকা সূর্যের ছবি। শান্তিপ্রিয় আমজনতা ও যোদ্ধাদের ভয়ডরহীন মানসিকতাকে ফুটিয়ে তুলতেই চাঁদ ও সূর্যের উপস্থিতি। হিমালয় পর্বতমালার কোলে রয়েছে ভারতের এই প্রতিবেশী দেশটি। সে কারণে নেপালের পতাকা পর্বতের চিহ্নও বহন করে চলেছে।
ভ্যাটিকান সিটি ও সুইজারল্যান্ড:
পৃথিবীর অধিকাংশ দেশের জাতীয় পতাকার গঠন একরকম। ৩:২ অনুপাতে আয়তাকার। মাত্র চারটি দেশের পতাকার গঠন এমন নয়। তার মধ্যে একটি হল নেপাল। বাকিগুলি হল ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড ও কাতার। ভ্যাটিকান সিটি ও সুইজারল্যান্ডের পতাকা আয়তাকার নয় বরং বর্গাকার। অনুপাত ১:১। সুইজারল্যান্ডের পতাকায় লালের উপর একটি সাদা ক্রস চিহ্ন দেখা যায়। একে বলে সুইস ক্রস। অন্যদিকে, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটির পতাকায় দু’টি অংশ দেখা যায়। একটি হলুদ, অপরটি সাদা। সাদা অংশে রয়েছে পোপের প্রতীক।
কাতার:
এই পতাকা অত্যন্ত লম্বা। ২৮:১১ অনুপাতে আয়তাকার। মেরুন ও সাদা রঙের সমাহারে তৈরি এই পতাকা আত্মত্যাগ, শান্তির প্রতীক।
প্যারাগুয়ে:
দক্ষিণ আমেরিকা মহাদেশের প্যারাগুয়ে একমাত্র দেশ, যার পতাকার উভয় দিকে আলাদা নকশা রয়েছে। সামনের দিকে রয়েছে সে দেশের জাতীয় প্রতীক। তার সঙ্গে লেখা, ‘রিপাবলিকা ডেল প্যারাগুয়ে’। আর এর বিপরীত দিকে কোষাগারের প্রতীক।
রোমানিয়া ও চাদ:
এই দু’টি দেশের পতাকা প্রায় একই রকম দেখতে। খুব ভালো করে না দেখলে পার্থক্য করা মুশকিল। সামান্য পার্থক্য রয়েছে রঙে। রোমানিয়ার পতাকায় ব্যবহৃত রংগুলি তুলনামূলক কম গাঢ়। রোমানিয়া ইউরোপের দেশ আর চাদ অবস্থিত আফ্রিকা মহাদেশে।