নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সাত বছরের নাবালক ছেলের সামনে গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে প্রাক্তন সেনাকর্মীর আজীবন কারাবাস হয়েছে। শনিবার বাঁকুড়া জেলা আদালত ওন্দার বাসিন্দা সমীরণ ধল্ল নামে ওই প্রাক্তন সেনা জওয়ানকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। এদিন বাঁকুড়া জেলা ও দায়রা বিচারক মীর রশিদ আলি ওই সাজা ঘোষণা করেন। আমৃত্যু কারাবাসের পাশাপাশি বিচারক সাজাপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন।
মামলার সরকারি আইনজীবী অরুণকুমার চট্টোপাধ্যায় বলেন, দেশবাসীকে রক্ষার দায়িত্ব যার কাঁধে ছিল, সে নিজের স্ত্রীকেই নৃশংসভাবে খুন করায় বিচারক কঠোর সাজা শুনিয়েছেন। রক্ষক এখানে ভক্ষকের ভূমিকা নিয়েছে। তাই সমীরণকে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন আদালতে জানিয়েছিলাম। বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালডাংরা থানার পাইকা গ্রামের বাসিন্দা নিবেদিতা ধল্লের(২৮) সঙ্গে ওন্দার বহড়াবাঁধের বাসিন্দা সমীরণের ২০১১ সালের নভেম্বর মাসে বিয়ে হয়। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নিবেদিতাদেবীর উপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাত। ২০২১ সালের ২৪ এপ্রিল নিবেদিতাদেবীক ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে বধূর বাপেরবাড়ির লোকজন গিয়ে তখনকার মতো বিষয়টি মিটমাট করে দেন।
তার ঠিক দু’দিন পর আবার নিবেদিতাদেবীর উপর অত্যাচার শুরু হয়। ওইদিন দুপুর ২টো নাগাদ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সমীরণ। পুরো ঘটনাটি তাদের সাত বছরের ছেলের সামনে ঘটে। ওই বধূর চিৎকারে প্রতিবেশীরা চলে এলে সমীরণ সহ বাড়ির সদস্যরা পালিয়ে যায়। প্রতিবেশীরা ওই বধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নিবেদিতাদেবীর বাপেরবাড়ির লোকজন হাসপাতালে পৌঁছয়। ঘটনার পরদিন নিবেদিতার বাবা আতঙ্ক বীর ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস সমীরণ সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। ঘটনার চারদিনে হাসপাতালে ওই বধূর মৃত্যু হয়। অবশ্য তার আগে পুলিস তাঁর মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছিল।
সরকারি আইনজীবী বলেন, পুলিস চার্জশিট জমা দেওয়ার পর মামলার সওয়াল জবাব শুরু হয়। মোট ১৯ জন সাক্ষ্য দেন। মৃতার শ্বশুর, শাশুড়ি ও ভাশুর প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যান। গ্রেপ্তারের পর কিছুদিন জেল হেফাজতে থাকার পর সমীরণ জামিনে মুক্ত ছিল। দীর্ঘ শুনানির পর শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন বিচারক সাজা ঘোষণা করেন। -নিজস্ব চিত্র