Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনা নোটিশে উচ্ছেদ, বিক্ষোভ হাড়োয়া রোড স্টেশনে

শুক্রবার বারাসত-হাসনাবাদ শাখার হাড়োয়া রোড স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেয় রেল পুলিশ।

বিনা নোটিশে উচ্ছেদ, বিক্ষোভ হাড়োয়া রোড স্টেশনে
  • ২৯ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত : বিনা নোটিশে স্টেশন চত্বরে অস্থায়ী দোকান ভেঙে দেওয়ার অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড স্টেশনের ঘটনা। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ ডাকতে হয়।

Advertisement

শুক্রবার বারাসত-হাসনাবাদ শাখার হাড়োয়া রোড স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেয় রেল পুলিশ। তারা আরও একটি দোকান ভাঙার প্রস্তুতি নিলে অন্য দোকানদাররা রুখে দাঁড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আশপাশের গ্রাম থেকে মানুষজনও ছুটে আসেন। তাঁরা রেল আধিকারিকদের কাছে উচ্ছেদের নোটিশ দেখতে চান। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা তা দেখাতে পারেননি বলে অভিযোগ।
এরপর হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যেরা স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিতে যান। কিন্তু তিনি তা গ্রহণ করেননি বলে অভিযোগ। এরপরে স্টেশন মাস্টারের ঘরের সামনে প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছিল দেগঙ্গা থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ