কলকাতা, ২৯ আগস্ট: বজ্র আঁটুনি, ফস্কা গেরো! প্রেসিডেন্সি জেলের বাসিন্দা কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে মিলল মোবাইল সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস। যার জেরে চক্ষু কড়কগাছ নিরাপত্তা বিষেজ্ঞদের। উঠেছে এনআইএ তদন্তের দাবি। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। জেলের নিরাপত্তায় গাফিলতির জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কড়া নিরাপত্তায় মোড়া আলিপুরের প্রেসিডেন্সি জেল। সেখানে বন্দি আমেরিকান সেন্টারে হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি আফতাব। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তায়। এতকিছুর মধ্যেও তার সেল থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস। এর মধ্যে আছে আইফোন সহ তিনটি স্মার্টফোন, তিনটি মোবাইল সিমকার্ড, পেনড্রাইভ, দু’টি রাউটার ইত্যাদি। এছাড়া আফতাবের থেকে নগদ ৩১ হাজার টাকাও পেয়েছেন জেল আধিকারিকরা।
গত ২৩ আগস্ট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছিল প্রেসিডেন্সি জেলে। সে সময় এই সমস্ত সরঞ্জাম উদ্ধার হয়। জেলের ভিতরে যা রাখা নিষিদ্ধ। গতকাল আফতাবের বিরুদ্ধে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জেলের নজরদারি এড়িয়ে সেগুলি কীভাবে আফতাবের সেলে পৌঁছল, তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গিয়েছে।