Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্কুরহাটিতে জাতীয় সড়কে উচ্ছেদ বাড়ছে ফ্লাইওভারের তৈরির সম্ভাবনা

১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনার সমস্যা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে

অঙ্কুরহাটিতে জাতীয় সড়কে উচ্ছেদ বাড়ছে ফ্লাইওভারের তৈরির সম্ভাবনা
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনার সমস্যা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। জাতীয় সড়কের ধারে বেআইনি নির্মাণ সরিয়ে বড়ো অংশ ফাঁকা করার পর সেখানে ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নিয়ে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আদালতের নির্দেশে গত দুদিনে অঙ্কুরহাটি মোড়ে বেআইনি দোকানঘর, ঝুপড়ি সহ তিনতলা নির্মাণ ভেঙে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে অঙ্কুরহাটি মোড়ে তৈরি হয়েছিল ওই তিনতলা বাড়িটি। সেখানে বিরিয়ানি, ফাস্টফুড সহ একাধিক দোকান চলত। পাশেই গজিয়ে উঠেছিল বেশ কয়েকটি ঝুপড়ি। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য কয়েক বছর আগেই সংশ্লিষ্টদের নির্মাণ খালি করার নির্দেশ দেওয়া হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। তারপরেও বেআইনিভাবে সেখানে ব্যবসা চলছিল বলে অভিযোগ। এদিন দু’টি জেসিবি দিয়ে সেগুলি ভাঙা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।
অঙ্কুরহাটি মোড় দিয়ে আমতা রোড, মাকড়দহ হয়ে জাতীয় সড়কে ওঠেন বহু মানুষ। প্রতিদিন টোটো, অটো, ছোটো গাড়ি, বাইক থেকে শুরু করে ট্রাক-লরির বিপুল চাপ থাকে এই মোড়ে। ফলে দিনভর যানজট লেগেই থাকে। যানজটে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনাও ঘটে। পাশাপাশি ট্রাফিক নিয়ম না মানায় প্রায়ই ছোটোবড়ো দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, যানজট কমানো এবং ভবিষ্যতে অঙ্কুরহাটিতে ফ্লাইওভার তৈরির পরিকল্পনা রয়েছে। সেই কারণেই বেআইনি নির্মাণ সরানোর কাজ চলছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, আদালতের নির্দেশ মেনে বেআইনি নির্মাণগুলি ভাঙা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোকুল বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘দীর্ঘদিন ধরে এই মোড়ে যানজটের সমস্যা রয়েছে। ফ্লাইওভার হলে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ