ভোট মিটতেই কোলিয়ারির কোয়ার্টারে উচ্ছেদের নোটিস! প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি, তোপ কংগ্রেসের
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: খনি অঞ্চলের নির্বাচনে বড় ইস্যুর বাসস্থানের নিশ্চয়তা। হাজার হাজার মানুষ বছরের পর বছর ইসিএলের কোয়ার্টারে অবৈধ ভাবে রয়েছেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময়ে কুলটি ও পাণ্ডবেশ্বরে এনিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। দুই বিধানসভা এলাকাতেই কোলিয়ারি কর্তৃপক্ষ কোয়ার্টার থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দেয়। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি সেই নোটিস ছিড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাসিন্দারা এখানেই বসবাস করবেন। একই পথে হেঁটেছিলেন কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। তিনিও নোটিস ছিড়ে দিয়েছিলেন। বাসিন্দাদের কোনো চিন্তা না করার প্রতিশ্রুতি দেন। এমনকী খনি অঞ্চলে নির্বাচনি প্রচারে এসে কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, কোয়ার্টারে থাকার বৈধতা নিয়ে বিবেচনা করা হবে। এতে খনি অঞ্চলে হাজার হাজার পরিবার নতুন করে স্থায়ী ভাবে কোয়ার্টারে থাকার স্বপ্ন দেখেছিল।

Advertisement

সেইসব পরিবার এখন স্বপ্নভঙ্গের মুখে। মনবেড়িয়া, বলতোড়িয়ায় ভারত সরকারের অধীনস্থ সংস্থা বিসিসিএল কোয়ার্টার থেকে ফের উচ্ছেদের নোটিস দিচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। শুক্রবার এ নিয়ে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন বরাকরের বেগুনিয়া থেকে মিছিল করে তাঁরা বিসিসিএলের সিভি এরিয়া অফিসের সামনে জমায়েত হন। সেখানে জিএম অফিসের সামনে গেট অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতন্ডিও। তাঁরা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেন। তাঁরা বলেন, ভোটের আগে বিজেপি বলেছিল কোলিয়ারির কোয়ার্টারে বৈধ ভাবে থাকার ব্যবস্থা করবে। এরপর দুই বিধায়কের নোটিস ছেঁড়ার কথা তুলে ধরেন। কয়লা মন্ত্রীর বক্তব্যের রেকর্ডিং শোনান কংগ্রেস নেতারা। তারপর অভিযোগ করেন, এই এলাকার এজেন্ট বিজেপির দালাল। তিনি বিজেপি পার্টি অফিসে বসে ঠিক করছেন কাদের উচ্ছেদের নোটিস দেওয়গা হবে। তাঁরা অভিযোগ করেন, কোয়ার্টার অ্যালটমেন্টের নামে টাকা নেওয়া হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে খনি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। বিজেপির দ্বিচারিতা নিয়েও সরব হয় তারা। কংগ্রেস নেতা রবি যাদব বলেন, বিজেপি মানুষের মাথার ছাদ কাড়ার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে লাগাতার ধর্নায় বসব। 
এই আন্দোলন নিয়ে সুর সপ্তমে তুলেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। তিনি বলেন, কংগ্রেসের যে নেতা এই সব করছেন, তাঁকে বলতে চাই সিস্টেমে থাকুন, লাইনে থাকুন। না হলে আমরা জানি কীভাবে সিস্টেমে আনতে হয়। ভোটের সময়ে বলা হয়েছিল, নির্বাচনের সময়ে কেন উচ্ছেদ নোটিস দেওয়া হচ্ছে। নির্বাচনের পর ইসিএল, বিসিসিএল নিজেদের গাইডলাইন অনুযায়ী কাজ করবে। তৃণমূলের আমলে কংগ্রেস কেন প্রতিবাদ করেনি। এরা আসলে মুসলিমদের দালাল।