নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিষড়া শহরে যে ক’টি জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে বেশ কয়েকটির ঠিকানা বাঙ্গুর পার্ক এলাকা। পার্ক তরুণ দল, পার্ক সম্মিলনি থেকে লেনিন মাঠ সহ একসঙ্গে বেশ কয়েকটি মণ্ডপ এখানে। তাই আলোর রোশনাইয়ের পাশাপাশি জমজমাট মেলার স্বাদও মেলে এখানে। বৃহস্পতিবার ছিল রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন। খাবারের স্টল থেকে খেলনা বা গয়নার দোকানিদের আশা ছিল, ভালো ব্যবসা হবে এদিন, প্রতিবার যেমন হয়। কিন্তু উৎসবের সব জৌলুস যেমন কেড়ে নিয়েছে অসময়ের বৃষ্টি, তেমনই ছেদ পড়েছে কেনাকাটায়। প্লাস্টিকের আচ্ছাদনে ঢাকা অবস্থায় অন্ধকারেই পড়ে রইল পসার। মন খারাপ হল ব্যবসায়ীদের।
পঞ্জিকা অনুযায়ী এদিন ছিল দশমী। যদিও রবিবার জগদ্ধাত্রীর বিসর্জনের কার্নিভাল হওয়ার কথা। এদিন সকালে মণ্ডপে মণ্ডপে ঢাক বাজল ঠিকই, কিন্তু সেভাবে ফিরল না উৎসবের আমেজ। এদিন বেলা যত বেড়েছে, ততই বেড়েছে বৃষ্টির গতি। যে ভিড়ের আশা ছিল, তা হল না। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বৃষ্টির ধারা কিছুটা কমলেও, মানুষের ঢল নামার চেনা ছবি ফিরল না।
এবার লেনিনমাঠ যুবগোষ্ঠীর ভাবনায় উঠে এসেছে শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের জীবনগাথা। তাঁদেরই কুর্নিশ জানানো হয়েছে এখানে। নিখুঁত করে গড়ে তোলা হয়েছে মণ্ডপ। ট্রেনে চেপে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি থেকে শুরু করে রিকশওয়ালা, খবরের কাগজের হকার, নির্মাণকর্মী থেকে দিনমজুর— হরেক পেশার মানুষের আখ্যান ও বেঁচে থাকার লড়াই জীবন্ত হয়ে উঠেছে এখানে। কিন্তু কাদামাখা পথে মণ্ডপে মণ্ডপে পৌঁছাতে বেগ পেতে হয়েছে অনেককেই।
জনপ্রিয় পুজোগুলির মধ্যে তেঁতুলতলার পুজো অন্যতম। এখানে মধ্যপ্রদেশের গোন্ডো জনজাতির জীবনকে তুলে আনা হয়েছে বিশালাকার মণ্ডপের আঙিনায়। পাহাড়, নদী, বৃক্ষ, পশুপাখি হল সেই জনজাতির আরাধ্য দেবতা। আলোর কাজ এই মণ্ডপ চত্বরে অতি চমৎকার। গোন্ডো জনজাতির হস্তশিল্পকে তুলে এনে মণ্ডপ সাজিয়েছে গঙ্গার গা ঘেঁষা তিনের পল্লি। সুন্দর প্রতিমা এখানকার বাড়তি পাওনা। অন্যদিকে ফুচকার মণ্ডপ তৈরি হয়েছে শিবতলায়। একেবারে অভিনব মণ্ডপে হাজারো শালপাতার মধ্যে অবস্থান করছে হাজার হাজার ফুচকা। মণ্ডপের মাঝে দানবীয় ফুচকায় ঠাঁই করে নেবে ছোটোখাটো হাতিও! হরিসভার প্যান্ডেলে হাজির শ’য়ে শ’য়ে ভূত। রোগা হাড় জিরজিরে সেসব ভূতরা ভয় দেখাচ্ছে কম, মজা বিলোচ্ছে বেশি। মণ্ডপের ভিতরে-বাইরে তাদেরই রমরমা। অন্যদিকে পিটি লাহা স্ট্রিটের পুজো এবার অনেকটাই ম্লান। প্রতিমা মনোমুগ্ধকর হলেও, মাঠের অনুমতি শেষ মুহূর্তে মেলায় মণ্ডপের আড়ম্বর অন্যান্যবারের মতো নেই। সারদামাতা লেনের পুজোয় শাঁখা-সিঁদূর-পলায় সেজেছে মণ্ডপ।
মোড়পুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির ভাবনা অভিনব। হেমন্তের উৎসবে রথযাত্রার স্বাদ। ক্লাবের সভাপতি অসিত কুণ্ডু বলেন, সুবর্ণজয়ন্তী বর্ষে তাঁদের পুজোর মূল ভাবনা ‘বঙ্গের রথকথা’। রথ কেবল ধর্মীয় প্রতীক নয়, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই ভাবনাকে সামনে রেখে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রথের ইতিহাস ও জনজীবনের নানা কাহিনি তুলে ধরা হয়েছে মণ্ডপে। মাহেশ, মহিষাদল, চুঁচুড়া, নাড়াজোল, গুপ্তিপাড়া, রামপাড়া নন্দীবাড়ি, বনকাটি, ঝিকিরা মল্লিকবাড়ি এবং বর্ধমান রাজবাড়ির রথের আদল, নির্মাণরীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই থিমে বিশেষ গুরুত্ব পেয়েছে।



