বিশ্বজিৎ ভট্টাচার্য: লায়োনেল মেসির ভারত সফরের খরচ কত? অনুমান করা যায়, টাকার পরিমাণ একশো কোটিরও বেশি। আর্জেন্তাইন কিংবদন্তিকে ঘিরে ভিআইপিদের ভিড়। কিছু প্রাক্তনও গদগদ। মেসির হাতে জাতীয় পতাকা দেখে আমিও গর্বিত। একইসঙ্গে প্রাক্তন ফুটবলার হিসাবে লজ্জিত। মেসি এমন দেশে এসেছেন যেখানে ফুটবলই ব্রাত্য। বল আদৌ গড়াবে কি না জানে না কেউ। দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই। বেশিরভাগ দলের প্র্যাকটিস বন্ধ। গ্ল্যামারাস মেসি সফরেও প্রদীপের নীচে অন্ধকার ঢাকা পড়ছে না। মহাতারকার সঙ্গে ছবি তুললেই মোক্ষলাভ। ১০ লাখে এক ক্লিক। খোলামকুচির মতো টাকা উড়ছে। অথচ দেশের ফুটবলে টাকা ঢালার লোক নেই। হাতেপায়ে ধরেও মেলে না স্পনসর। রোড ম্যাপের দিস্তা কাগজ জমা হয় ওয়েস্ট বক্সের ঝুড়িতে। গালভরা প্রতিশ্রুতির বন্যাই সার। প্রমোশনাল টুরে পকেট ভরে আয়োজকদের। অবিলম্বে ফুটবলে মাফিয়ারাজ বন্ধ হোক। শতদ্রু দত্তের মতো কিছু বেওসায়ি এই ধরনের ট্যুর করে নিজের পকেট ভরান। কিন্তু দেশের ফুটবলের একফোঁটা লাভও হয় না। এর অর্ধেক অর্থ ব্যয় করা হলে ঘরোয়া ফুটবল অক্সিজেন পেত। কিন্তু এদেশে ফুটবল যে দুয়োরানি!



