Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিজের বুথ বদল করেও ফিরল না ভাগ্য! হার লাভলির

২০২৪ সালের লোকসভা ভোটে সোনারপুর দক্ষিণের তৎকালীন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র সোনারপুরের লাঙলবেড়িয়া পঞ্চায়েত এলাকার ভোটার হয়েছিলেন।

নিজের বুথ বদল করেও ফিরল না ভাগ্য! হার লাভলির
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৪ সালের লোকসভা ভোটে সোনারপুর দক্ষিণের তৎকালীন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র সোনারপুরের লাঙলবেড়িয়া পঞ্চায়েত এলাকার ভোটার হয়েছিলেন। তিনি যে বুথের ভোটার ছিলেন, সেখানে হেরেছিল তৃণমূল। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের আগে লাভলি তাঁর ভোটার কার্ড সরিয়ে আনেন রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, এখানকার ১৪৩ নম্বর বুথের ভোটার হন লাভলি। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, সেই বুথেও এবার হেরেছে তৃণমূল। লোকসভা ভোটে লাঙলবেড়িয়ার পূর্ব বামনগাছির ২৯৭ নম্বর বুথের ভোটার ছিলেন লাভলি। সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক ওই গ্রামেরই বাসিন্দা। গত লোকসভা ভোটে এই বুথে ভোটাররা বিজেপির দিকেই ঝুঁকেছিলেন। ফলে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। এবার ভাগ্য ফেরানোর লক্ষ্যে গ্রামীণ এলাকা ছেড়ে পুরসভা এলাকার একটি ‘নিরাপদ’ ওয়ার্ডে নিজের ভোটার কার্ড স্থানান্তর করিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই বুথেও মুখ থুবড়ে পড়ল তৃণমূল। এলাকার লোকজন বলছেন, ‘এর থেকেই স্পষ্ট যে যেখানেই তিনি যাচ্ছেন, মানুষ প্রত্যাখ্যান করছে। বোঝাই যাচ্ছে, তাঁর গ্রহণযোগ্যতা নেই। তাই শুধু বুথ থেকেই নয়, একেবারে গোটা বিধানসভা থেকেই তাঁকে বিদায় জানিয়ে দিয়েছেন ভোটাররা।’ তৃণমূলের একটি অংশ বলছে, এই ওয়ার্ডে গত নির্বাচনেও তৃণমূল ‘লিড’ পেয়েছিল। এবার বিজেপি এগিয়ে গিয়েছে। তৃণমূলের প্রার্থী চয়ন নিয়ে এখন সোনারপুর দক্ষিণের বহু নেতাই প্রশ্ন তুলছেন। নীচের তলায় কর্মীদের একাংশের ক্ষোভ, বহু নেতার বসে যাওয়া ভোটে প্রভাব ফেলেছে। এমনকি, সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া উঠে এসেছে। এবারের ফলাফলে দেখা যাচ্ছে, কয়েকটি বাদে প্রায় সিংহভাগ বুথেই বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের দিকে বেশি ভোট পড়েছে। একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত পোলঘাট পঞ্চায়েত এলাকায় লাভলি বেশি ভোট পেয়েছেন। 

Advertisement

ফলাফলের দিন দুপুর গড়াতেই এই কেন্দ্রেও হার-জিতের ছবি স্পষ্ট হতে শুরু করে। গণনা শেষ হওয়ার আগেই কেন্দ্র ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় তৃণমূল প্রার্থী লাভলিকে। ২০২৪ সালে গোটা জেলার মধ্যে তৃণমূলের সর্বনিম্ন ‘লিড’ এসেছিল এই সোনারপুর দক্ষিণে। তখন থেকেই একটা বিষয় চাউর হয়েছিল যে, বিজেপি এই আসনে আরও শক্তি বৃদ্ধি করছে। এবারে তাই ভোট ঘোষণার আগেই লাভলিকে টিকিট দেওয়া নিয়ে নানা জল্পনা ছিল। শেষমেশ দল তাঁকেই প্রার্থী করে। কিন্তু তিনি হার ঠেকাতে পারেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ