সংবাদদাতা, কালনা: রানাঘাট থানা এলাকা থেকে এক ব্যক্তির এটিএম কার্ড হাতিয়ে টাকা তোলার ঘটনায় কালনা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিস। ধৃতের নাম বঙ্কিম মণ্ডল। বাড়ি কালনা থানার কৃষ্ণদেবপুরে। পুলিস ধৃতকে নিয়ে রানাঘাটে চলে যায়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রানাঘাটের সাটিগাছার বাসিন্দা এক ব্যক্তি দিন ১৫ আগে আনুলিয়ার একটি এটিএম-এ টাকা তুলতে যান। এটিএম থেকে টাকা তোলার অভিজ্ঞতা না থাকায় তাঁকে সাহায্যের জন্য এক যুবক এগিয়ে আসে। কৌশলে ওই যুবক তাঁর এটিএম কার্ডের পিন নম্বর জেনে নেয় ও কার্ডটি বদলে দেয়। পরবর্তীতে ওই ব্যক্তি টাকা তুলতে গিয়ে বুঝতে পারেন এটিএম কার্ডটি তাঁর নয়। তিনি জানতে পারেন, কালনায় থেকে তাঁর অ্যাকাউন্টের টাকা তোলা হয়েছে। তবে, খোয়া যাওয়া টাকার পরিমাণ জানা যায়নি। তিনি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে শনাক্ত করে। জানতে পারে যুবকের বাড়ি কালনা থানার কৃষ্ণদেবপুরে। মঙ্গলবার রাতে রানাঘাট থানার পুলিস কালনা থানার সহযোগিতায় যুবককে গ্রেপ্তার করে।



