Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইএসআই: অস্থায়ী কর্মীদের সুবিধা দিতে তৎপর রাজ্যের পুরসভাগুলি

রাজ্যের বহু পুরসভায় অস্থায়ী কর্মীদের ইএসআইয়ের সুবিধা নেই।

ইএসআই: অস্থায়ী কর্মীদের সুবিধা দিতে তৎপর রাজ্যের পুরসভাগুলি
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ মাইতি, বরানগর: রাজ্যের বহু পুরসভায় অস্থায়ী কর্মীদের ইএসআইয়ের সুবিধা নেই। ফলে শারীরিক অসুস্থতায় তাঁরা ইএসআইয়ের আওতায় কোনো সুবিধা বা চিকিৎসা পান না। এই অবস্থায় সম্প্রতি রাজ্য কর্মচারী বিমা (ইএসআই) নিগম সমস্ত পুরসভাকে চিঠি দিয়ে অস্থায়ী কর্মীদেরও এই সুবিধে দেওয়ার কথা জানিয়েছে। এই চিঠি পেয়েই উদ্যোগী হয়েছে রাজ্যের একাধিক পুরসভা। তার ফলে ২১ হাজার টাকার কম মাসিক বেতনের অস্থয়ী কর্মীরা এই সুবিধা পেতে চলেছেন। পুরসভাগুলির দৈনন্দিন কাজকর্ম এখন অনেকাংশেই অস্থায়ী কর্মী নির্ভর। কমবেশি প্রতিটি পুরসভায় স্থায়ী কর্মীর তুলনায় অস্থায়ী কর্মীর সংখ্যা চার থেকে সাতগুণ বেশি। শহরের আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে অফিসের কাজকর্ম, স্বাস্থ্য সংক্রান্ত কাজ—প্রায় সবই হচ্ছে অস্থায়ী কর্মীদের দিয়ে। গত ১০ বছরে প্রতিটি পুরসভায় শয়ে শয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে।

Advertisement

কিন্তু তাঁদের নির্দিষ্ট মাসিক বেতনের অতিরিক্ত সুযোগসুবিধা মেলে না। ফলে এই উদ্যোগ তাঁদের জন্য যথেষ্ট স্বস্তির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।  ইতিমধ্যে, দক্ষিণ দমদম পুরসভার বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনার পর গৃহীত হয়েছে। পানিহাটি পুরসভাতেও সংশ্লিষ্ট কর্মীদের এই সুবিধে দেওয়ার বিষয়ে শুরু হয়েছে আলোচনা। আরো একাধিক পুরসভায় এই পরিষেবা শুরু করার ভাবনাচিন্তা রয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ইএসআই নিগম রাজ্যের পুরসভাগুলিকে চিঠি পাঠিয়ে বলেছে, ২১ হাজার টাকার কম বেতনের সমস্ত অস্থায়ী কর্মী ইএসআইয়ের সুবিধা পাবেন। এজন্য তাঁদের বেতনের ৪ শতাংশ পরিমাণ টাকা জমা করতে হবে। পুরসভা দেবে ৩.২৫ শতাংশ টাকা এবং সংশ্লিষ্ট অস্থায়ী কর্মীর থেকে টাকা কাটা হবে ০.৭৫ শতাংশ। কামারহাটি পুরসভায় প্রায় ১,১০০ অস্থায়ী কর্মীর মধ্যে ৫০ শতাংশের নামই এই সুবিধা প্রদানের জন্য নথিভুক্ত করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মীর সকলকেই এই সুবিধা দিতে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বাজেটে এই খাতে অর্থ বরাদ্দ করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে বলে জানাচ্ছেন পুরকর্তারা। পানিহাটি পুরসভায় অস্থায়ী কর্মী প্রায় ১,৩০০। এই সুবিধা তাঁদেরকেও কীভাবে দেওয়া হবে, তা ঠিক করতে বৈঠক করেছেন আধিকারিকরা। এই ব্যবস্থা চালু হলে অস্থায়ী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেতে শুরু করবেন। দক্ষিণ দমদম পুরসভার সিআইসি (স্বাস্থ্য) সদস্য সঞ্জয় দাস বলেন, ‘পুরসভার অস্থায়ী কর্মীদের ইএসআইয়ের সুবিধা প্রদানের বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। নীতিগতভাবে সবাই অস্থায়ী কর্মীদের এই সুবিধা দিতে সম্মত হয়েছেন। বিষয়টি বাজেটেও রাখা হবে। এতে অস্থায়ী কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ