রেল পুলিশ সুপারের অফিসের নীচ থেকে ‘উধাও’ আস্ত গাড়ি, তদন্তে গোলাবাড়ি থানা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: আইনরক্ষকদের ‘বাহন’ এবার দুষ্কৃতীদের টার্গেট। হাওড়ায় রেল পুলিশ সুপারের অফিসের নীচ থেকে গায়েব খোদ পুলিশেরই গাড়ি। দুপুরে গাড়ি রেখে অফিসের উপরে উঠেছিলেন এক পুলিশ কর্মী। সন্ধ্যায় নেমে দেখলেন গাড়ি পার্কিংয়ে নেই। এরপরই তাঁর মাথায় হাত। তড়িঘ঩ড়ি তাঁর বিভাগের কর্তাদের জানান। অভিযোগ করা হয় গোলাবাড়ি থানায়। তার ভিত্তিতে চুরির কেস রুজু করে শুরু হয়েছে তদন্ত।  পুলিশের বোর্ড লাগানো একটা গাড়ি জনবহুল ওই জায়গা থেকে দুষ্কৃতীরা নিয়ে বেরিয়ে যাওয়ার পরেও, কেন কারও নজরে এল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চুরির ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন পুলিশ কর্তারা। নিরাপত্তার ফাঁকফোকরের পাশাপাশি দুষ্কৃতীদের দুঃসাহস নিয়েও চর্চা শুরু হয়েছে পুলিশ মহলেই। 

Advertisement

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রেল পুলিশের হাওড়া মোটর ট্রান্সপোর্ট অফিসে কর্মরত এএসআই মেহেদি হাসান খান ১৭ নভেম্বর গাড়িটি দুপুর দুটো নাগাদ পার্কিং করেন। প্রতিদিনই হাওড়া রেল পুলিশ সুপারের অফিসের নীচে তিনি গাড়ি রাখেন। সেখানকার পুলিশ অফিসেই তিনি পোস্টিং রয়েছেন। গাড়ির কাচ বন্ধ করা ছিল। গাড়িটি পার্কিং করে পুলিশ অফিসে চলে যান ওই এএসআই।  বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নীচে নেমে দেখেন, গাড়িটি সেখানে নেই। যা দেখে রীতিমতো চমকে ওঠেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।  গাড়ি উধাও হয়ে যাওয়ার ঘটনা শুনে সকলে নীচে নেমে আসেন। গাড়িটি খোঁজ করতে হাওড়া স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা এমনকি স্টেশনের ভিতরে ক্যাবরোডেও যান পুলিশ কর্মীরা। কিন্তু কোথাও গাড়ির হদিশ মেলেনি। এরপর আরপিএফের কন্ট্রোল রুমে এসে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন তাঁরা। দেখা যায়, বিকেল চারটে নাগাদ এক দুষ্কৃতী গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। এরপরই গোলাবাড়ি থানায় অভিযোগ করা হয় রেল পুলিশের তরফে। কেস রুজু করে শুরু হয় তদন্ত।
প্রাথমিকভাবে হাওড়া সিটি পুলিশের কর্তারা  মনে করছেন, যে মডেলের গাড়িটি চুরি গিয়েছে সেটি বেশ পুরনো। দরজার লকিং মেকানিজম পুরনো ধাঁচের। জানালার রবার সিলের ফাঁক দিয়ে শক্ত তার ঢুকিয়ে ভিতরের লক খোলা হয়ে থাকতে পারে। এরপর দুষ্কৃতীরা স্টিয়ারিং কলামের নীচের কভার খুলে ইগনিশন ও স্টার্টার মোটরের তার সরাসরি জুড়ে দিয়ে চাবি ছাড়াই ইঞ্জিন চালু করেছে। এমনকী গাড়ির ইমোবিলাইজার কাপলারের পিন শর্ট করেও ইঞ্জিন চালু করে থাকতে পারে। এরপর গাড়িটি নিয়ে পালিয়ে গিয়েছে। তদন্তকারীরা জানতে পারছেন, স্থানীয় কোনও দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের বোর্ড লাগানো থাকায় চুরির পর অনায়াসে পালানো যাবে বলেই, এই গাড়িকে টার্গেট করেছিল। কোন কোন এলাকা দিয়ে গাড়িটি গিয়েছে, তা জানতে হাওড়া শহরের সমস্ত জায়গা, জাতীয় সড়ক ও কলকাতার একাধিক জায়গার সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে গাড়িটির অবস্থান জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।