অ্যাডিলেড: অ্যাসেজের তৃতীয় টেস্টেও দাপট অব্যাহত অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে অজিদের ৩৭১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ২১৩ রানে ৮ উইকেট খুইয়ে চাপে ইংল্যান্ড। এখনও ১৫৮ রানে পিছিয়ে তারা। একা কুম্ভ হয়ে লড়ছেন বেন স্টোকস। ১৫১ বলে ৪৫ রানে ক্রিজে আছেন ইংরেজ অধিনায়ক।
৮ উইকেটে ৩২৬ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের অর্ধশতরানে ভর করে শেষ পর্যন্ত ৩৭১ রান তোলে কামিন্স-ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম উইকেট খোয়ায় ৩৭ রানে। জ্যাক ক্রলিকে ফেরান চোট সারিয়ে ফেরা প্যাট কামিন্স। এরপর বেন ডাকেট এবং ওলি পোপকে একই ওভারে ফিরিয়ে রেকর্ড বুকে নাম তোলেন নাথান লিয়ঁ। গ্লেন ম্যাকগ্রাকে (৫৬৩ উইকেট) ছাপিয়ে টেস্টে এখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী এই তারকা স্পিনার (৫৬৪)। তালিকায় শীর্ষে শেন ওয়ার্ন (৭০৮)। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তারই মধ্যে ছ’নম্বরে নামা বেন স্টোকস একপ্রান্ত আগলে লড়াই জারি রেখেছেন। হেলমেটে একাধিকবার বলের আঘাত পেয়েও হাল ছাড়েননি তিনি। শেষবেলায় তাঁকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন জোফ্রা আর্চার (ব্যাটিং ৩০)। অস্ট্রেলিয়ার সফলতম বোলার প্যাট কামিন্স ৩টি উইকেট নিয়েছেন।
এদিকে, প্রথম দিনের পর বৃহস্পতিবারও স্নিকোমিটার নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। একাধিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযুক্তির ভুল ধরা পড়েছে।