Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ট্রাফিক চালান পাঠিয়ে প্রতারণা, ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

ধৃতের কাছ থেকে একটি ম্যাকবুক, একটি স্মার্টফোন সহ বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস।

ভুয়ো ট্রাফিক চালান পাঠিয়ে প্রতারণা, ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফোনে ভুয়ো ট্রাফিক চালান পাঠিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হল ১৯ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া! শুক্রবার সকালে বরানগরের বাড়ি থেকে শোভন সাঁতরা নামে ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতের কাছ থেকে একটি ম্যাকবুক, একটি স্মার্টফোন সহ বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সে কত টাকার প্রতারণা করেছে, এই বিষয়গুলি নিয়েও তদন্ত শুরু হয়েছে। ধৃতকে এদিনই বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। আদালত তাকে সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিস জানিয়েছে, বেশকিছু দিন ধরেই বহু মানুষের মোবাইলে ভুয়ো ‘ট্রাফিক ভায়োলেশন নোটিস’ আসছিল। চালানের ছবি, ভিডিও দেখার জন্য এবং পেমেন্ট করার জন্য সেখানে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছিল। ওই অ্যাপে থাকছিল ডট এপিকে ফাইল। ডাউনলোড করে ইনস্টল করলেই প্রতারকদের দখলে চলে যাচ্ছিল ফোনের অ্যাকসেস। গত মঙ্গলবারই বিধাননগর কমিশনারেট বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিল। মানুষকে সচেতন করার পাশাপাশি, পুলিস একটি সুয়োমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। পুলিস সূত্র জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিস অ্যাপটি ফরেন্সিক পরীক্ষা করে। কোথা থেকে অ্যাপটি তৈরি করা হয়েছে, সেই সূত্র ধরে পুলিস ওই ছাত্রের খোঁজ পায়। তারপর তাকে চিহ্নিত করা হয়। এদিন সকালে বিধাননগর কমিশনারেটের একটি টিম বরানগরে গিয়ে তাকে গ্রেপ্তার করে। সাইবার প্রতারণায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া গ্রেপ্তারে এলাকায় শোরগোল ছড়ায়। তারপর সল্টলেকে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, এই নতুন প্রতারণা চক্রটির সঙ্গে শোভন সরাসরি যুক্ত। তার পরিকল্পনায় এটি চলছিল। ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি প্রতারণার টাকা সে পেয়েছে। বহু গ্রাহককে সে ওই ভুয়ো চালান পাঠিয়ে রেখেছে। পুলিস জানিয়েছে, তদন্তের জন্যই ধৃতকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করা হবে। সেই সঙ্গে এই চক্রে আরও কে কে যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ