ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডের একটি স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে ফারুখ ইঞ্জিনিয়ারের নামে। ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টের প্রথম দিনে এক অনুষ্ঠানে সম্মানিত হবেন তিনি। পাশাপাশি, সম্মান জানানো হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েডকে। দু’জনেই ল্যাঙ্কাশায়ার কাউন্টির হয়ে দীর্ঘদিন খেলেছেন। তাঁদের অবদানকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। উল্লেখ্য, ১৯৬৮ থেকে ১৯৭৬ পর্যন্ত এই দলের হয়ে ১৭৫ ম্যাচ খেলে ৫৯৪২ রান করেন ইঞ্জিনিয়ার। ৪২৯ ক্যাচ ছাড়া রয়েছে ৩৫টি স্টাম্পিংও। তিনি যখন ল্যাঙ্কাশায়ারে যোগ দেন, তখন ১৫ বছর ধরে ট্রফির খরা চলছে। ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে তারা চারবার জিলেট কাপ জেতে। ল্যাঙ্কাশায়ার কাউন্টির ইতিহাসে সেজন্য অমর হয়ে রয়েছেন ৮৭ বছর বয়সি ভারতীয়। উল্লেখ্য, মুম্বইয়ে জন্ম হওয়া ইঞ্জিনিয়ারের নামাঙ্কিত কোনও স্ট্যান্ড ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নেই। অথচ, সেই মাঠের সঙ্গে অজস্র স্মৃতি জড়িত তাঁর।



