সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার দুপুরে কাটোয়া ঢোকার আগের স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দাঁড়িয়ে গেল ট্রেন। কেতুগ্রামের কাঁকুড়হাটি-নবগ্রাম হল্ট স্টেশনে প্রায় ৩০মিনিট দাঁড়িয়ে থাকে ডাউন আহমদপুর-কাটোয়া লোকাল ট্রেনটি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শেষে ইঞ্জিন ঠিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। কাটোয়া স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, ট্রেনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সমস্যা হয়েছিল। তারপর ঠিক করা হয়েছে।
কাটোয়া-আহমদপুর শাখায় সারাদিনে মোট তিন জোড়া ট্রেন চলাচল করে। এদিন আহমদপুর থেকে দুপুর ১২টা ৫০মিনিট নাগাদ লোকাল ট্রেনটি কাটোয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টো নাগাদ কাটোয়া স্টেশনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু কাটোয়া স্টেশন ঢোকার আগে কেতুগ্রামের কাঁকুড়হাটি-নবগ্রাম হল্ট স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। মোটরের একটি কম্প্রেসার কাজ করছিল না। ফলে প্রায় আধ ঘণ্টা স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। শেষে কাটোয়া থেকে রেলকর্মীদের পাঠানো হয়। দুপুর আড়াইটা নাগাদ ট্রেনটি কাটোয়া নিয়ে আসা হয়।
বীরভূমের লাভপুর থেকে স্ত্রী দীপা কুণ্ডুকে নিয়ে আসছিলেন রতন কুণ্ডু। তিনি বলেন, ইঞ্জিনে সমস্যা হওয়ায় এক জায়গায় ট্রেনটি দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকজন রোগী কাটোয়ায় চিকিৎসা করাতে আসছিলেন। তাঁদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। আর আমরা তো ভোগান্তির শিকার হলামই।-নিজস্ব চিত্র