সপ্তম বেতন কমিশনের সুপারিশ দ্রুত পেশের  আশায় কর্মীমহল, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চিন্তা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তম বেতন কমিশন তার সুপারিশ এবার কম সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে পেশ করবে বলে আশা করছে সরকারি কর্মী মহল। কমিশনের কাজকর্মে তার ইঙ্গিত মিলছে। জুলাই মাসের শেষ সপ্তাহে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। কমিশনের কাছে অনলাইনে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ অক্টোবর। কমিশনের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ এখনো দেওয়া হয়নি। তা দেওয়া হবে কি না সেটাই অনিশ্চিত। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য যে অষ্টম পে কমিশন গঠন করেছে, তার সুপারিশ জমা পড়ে যাওয়ার পর সপ্তম বেতন কমিশনের সুপারিশ পেশ হতে পারে এমনটাও মনে করছেন কোনো কোনো কর্মী সংগঠনের নেতা। আবার কেউ কেউ মনে করছেন, আগেই সপ্তম কমিশন সুপারিশ পেশ করে দেবে এমনটা হতে পারে। আর সেটা হলে চিন্তার কারণ আছে বলে মনে করছেন কর্মী সংগঠনের নেতারা। 

Advertisement

এর কারণ হল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পে কমিশন যতগুলি সুপারিশ করে সাধারণত তার অনেকগুলি গ্রহণ করে রাজ্যের পে কমিশন। বিশেষ করে দুটি কমিশনের ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ মোটামুটি এক হয়। সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে সেই ব্যাপারে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আগের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের যে মূল বেতন নির্ধারিত হয়েছিল তার তুলনায় এবার কতটা বাড়বে সেটাই ফিটমেন্ট ফ্যাক্টরে বলা হয়। রাজ্যে ও কেন্দ্রের গত পে কমিশন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছিল। পঞ্চম বেতন কমিশনের তুলনায় ষষ্ঠ কমিশনের সুপারিশে মূল বেতন ২.৫৭ গুণ বেড়েছিল। এই ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয় ১৭ হাজার টাকা। এই মূল বেতনের উপর  ডিএ-সহ অন্যান্য ভাতা যুক্ত হয়। 
এবার কেন্দ্রের অষ্টম পে কমিশনের কাছে কেন্দ্রের সব কর্মী সংগঠন ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে। রাজ্যের সপ্তম বেতন কমিশনের কাছে একই হারে ফিটমেন্ট ফ্যাক্টর চেয়েছে বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদ, আইএনটিইউসি অনুমোদিত ও কংগ্রেস প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটি। শুধু বিজেপি প্রভাবিত বঙ্গীয় সচিবালয় কর্মচারী সংঘ চেয়েছে ৩.৫। ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ হলে রাজ্য সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন হবে ৬৫ হাজার ২০০ টাকার 
মতো। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশঙ্কা করছেন, কেন্দ্রের পে কমিশনের অগে রাজ্যের পে কমিশনের সুপারিশ জমা হলে ফিটমেন্ট ফ্যাক্টর কম হয়ে যেতে পারে। বঙ্গীয় সচিবালয় কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী অবশ্য ম঩নে করেন, কেন্দ্রীয় কমিশনের সুপারিশ পেশের পরেই রাজ্য কমিশন তার সুপারিশ দেবে বলে তাঁরা মনে করছেন।