Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নতুন সংকটে আইএসএল জয়ী ইস্ট বেঙ্গল, উদ্বেগ ময়দানজুড়ে

এবার ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইমামি গোষ্ঠীরও হাত ধুয়ে ফেলার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।

নতুন সংকটে আইএসএল জয়ী ইস্ট বেঙ্গল, উদ্বেগ ময়দানজুড়ে
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেডারেশনের ভাঁড়ে মা ভবানী। কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থা নির্বিকার। ফুটবল চুলোয় যাক। এআইএফএফ উদাসীন। কমার্শিয়াল পার্টনার এখনও নেই। রোডম্যাপ, ক্যালেন্ডার দূরের কথা। জিনিয়াস স্পোর্টসের সঙ্গে আলোচনাও মাঝপথে থমকে। একের পর এক কর্পোরেট কোম্পানি মুখ ফেরাচ্ছে। এবার ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইমামি গোষ্ঠীরও হাত ধুয়ে ফেলার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। সপ্তাহের প্রথম দিন বাইপাসে লগ্নিকারী সংস্থার অফিসে ইনভেস্টর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। গুরুত্ব বুঝে দীর্ঘদিন পর মিটিংয়ে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন সভাপতি ডঃ প্রণব দাশগুপ্ত। ইমামি গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু এদিন তাঁর উপস্থিতিতেও বরফ গলেনি। ফুটবলে আর এক টাকাও ইনভেস্ট করতে নারাজ ইমামি গোষ্ঠী। আর এর দায় ফেডারেশনকেই নিতে হবে। ফুটবলে ক্লাবস্তরে আগ্রহ প্রচুর। কিন্তু শুধু আবেগ দিয়ে চিঁড়ে ভেজে না। টাকার থলি জলে ফেলতে নারাজ কর্পোরেট সংস্থা। ইস্ট বেঙ্গলের সঙ্গে আলোচনায় বারবার নির্দিষ্ট ফুটবল ক্যালেন্ডার চেয়েছেন তারা। কিন্তু লাল-হলুদ কর্তারা অপারগ। তাই জেনেশুনে লোকসানের বহর বাড়াতে নারাজ ইমামি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধে ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল ইমামি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রবল সমস্যায় ইস্ট বেঙ্গল। চ্যাম্পিয়ন দলের এমন পরিণতি বোধহয় ভারতীয় ফুটবলেই সম্ভব। চলতি মরশুমে এএফসি কাপে অংশ নেবে লাল-হলুদ ব্রিগেড। তাতে দেশের সম্মানও জড়িত। শক্তিশালী দল গড়তে বড় বাজেট দরকার। আপাতত সবটাই অনিশ্চিত।

Advertisement

দুর্ভাগ্য ছাড়া আর কোনো শব্দই এখন ইস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য নয়। গত ২১ মে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সেলিব্রেশনও। এরইমধ্যে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এল। সোমবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে ইস্ট বেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করলেন কোচ অস্কার ব্রুজোঁ। আবেগঘন বার্তায় জানিয়ে দেন, তিনি ছাড়াও তাঁর স্প্যানিশ দুই সহকারীও দল ছাড়ছেন। স্প্যানিশ কোচের পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়। আসলে তাঁর পরামর্শেই রশিদ, মিগুয়েল, কেভিন সিবলের মতো ফুটবলারকে রিক্রুট করে ইস্ট বেঙ্গল। এই পরিস্থিতিতে তাঁদের ধরে রাখাও চাপের। 
আগামী ২৫ জুন শুরু ঘরোয়া লিগ। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান শক্তিশালী স্কোয়াড গড়েছে। ইস্ট বেঙ্গল সেখানেও পিছিয়ে। পাশাপাশি লাল-হলুদের মহিলা ব্রিগেডও এএফসিতে অংশ নেবে। দল পোক্ত করতে সেখানেও বড় ফান্ড দরকার। এই মুহূর্তে এত টাকা দেবেন কে? উত্তর খুঁজতে কর্তাদের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়।

Advertisement
সম্পর্কিত সংবাদ