সংবাদাদাতা, খড়্গপুর: রাজ্যে জুলাই থেকে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। যোগ্য হয়েও মাসের পর মাস টাকা পাচ্ছেন না তাঁরা। এমনই অভিযোগ তুলে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে পথে নামলেন মহিলারা। জায়গায় জায়গায় চলল পথ অবরোধ। ডাকতে হয় পুলিশ। তবে কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
আজ সকালে পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান মহিলারা। বিডিওকে বহুক্ষণ ঘেরাও করে রাখা হয়। কিছুক্ষণ অবরোধ করা হয় মেচেদা-হলদিয়া রাজ্য সড়কও। জেলার ময়না বিডিও অফিসের সামনেও অন্নপূর্ণা যোজনায় বঞ্চিত মহিলাদের বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে পূর্ব বর্ধমান থেকেও। এদিন জেলার খণ্ডঘোষে বর্ধমান-আরামবাগ রোড অবরোধের ঘটনা ঘটেছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়েও এদিন মহিলারা বিক্ষোভ দেখান।
মহিলাদের বিক্ষোভ ঘিরে দুপুরে সাময়িকভাবে উত্তেজনা ছড়াল খড়্গপুর পুরসভা চত্বরে। অন্তত ২০০ জন এতে যোগ দেন। জানা গিয়েছে, বিক্ষোভকারী মহিলাদের অধিকাংশই সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের। তাঁদের মধ্যে কেউ পরিচারিকার কাজ করেন।