নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূলের নেতা বিধানসভা ভোটে বিজেপিকে সাহায্য করেছেন। এই প্রশ্নেই আকচা-আকচিতে জড়ালেন বিজেপির দুই বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির দুই নেতার ভূমিকায় অনেকেই অবশ্য হাসছেন। বাঁশবেড়িয়ার নেতা দেবব্রত বিশ্বাস একদা তৃণমূলে থাকলেও ২০২১ সালে বিজেপিতে ভিড়ে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন সপ্তগ্রামে। আর এবার বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে এসেছিলেন তৃণমূলে।
সম্প্রতি ওই নেতা বিজেপির চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই সুবীরবাবু তাঁর ঢালাও প্রশংসা করেন। পাশাপাশি, দাবি করেন, ওই নেতা চুঁচুড়ার নির্বাচনে তাঁকে বিস্তর সাহায্য করেছেন। এমনকি, পাশের কেন্দ্র সপ্তগ্রামেও বিজেপি প্রার্থীকে তিনি সাহায্য করেছেন। বিষয়টি প্রকাশ্য আসতেই ফুঁসে উঠেছেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে দাবি করেছেন, দেবব্রত তাঁকে কোনো সাহায্য করেনি। তিনি মানুষের ভোটে জিতেছেন। দলীয় কার্যকর্তা থেকে সংগঠন, সাধারণ ভোটাররা তাঁকে জিতিয়েছেন। তিনি বলেন, সুবীরবাবুকে আমি সম্মান করি। কিন্তু তিনি নিজের কেন্দ্র নিয়ে মন্তব্য করলে ভালো করবেন। যে ব্যক্তির সাহায্যের কথা তিনি বলছেন, তিনি কেমন মানুষ, তা সবাই জানেন। যদিও নিজের বক্তব্য থেকে পিছু হটেননি সুবীর নাগ। তিনি বলেন, স্বরাজ তো দেবব্রতকে দলে নেওয়ার কথা ভাবছিলেন। তবে আমি এই বিতর্কে যেতে চাই না। গোটা বিষয়ে প্রতিক্রিয়ার জন্য দেবব্রতবাবুকে ফোন করা হলেও সাড়া মেলেনি।