Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন, রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ সত্ত্বেও তৃণমূলের স্থানীয় কোন্দলে এড়ানো গেল না ভোটাভুটি

১৩টি ডিরেক্টর পদের মধ্যে একটি আসনে নির্বাচন হচ্ছেই। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন, রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ সত্ত্বেও তৃণমূলের স্থানীয় কোন্দলে এড়ানো গেল না ভোটাভুটি
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ সত্ত্বেও কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে ভোটাভুটি এড়ানো গেল না। ১৩টি ডিরেক্টর পদের মধ্যে একটি আসনে নির্বাচন হচ্ছেই। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা। ওই সময়ের মধ্যে একটি মনোনয়ন প্রত্যাহারের সব ধরনের চেষ্টা চালিয়েছে রাজ্য নেতৃত্ব। কিন্তু, সেই প্রয়াস বিফলে গিয়েছে। যেকারণে আগামী ১০মে শুধুমাত্র ওই আসনে ডিরেক্টর পদে নির্বাচন হবে। ভোটাভুটি এড়ানোর জন্য তৃণমূলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী এবং জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা চেষ্টা করেও বিফল হন।

Advertisement

২৯মার্চ কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের প্রতিনিধি (ডেলিগেট) পদে নির্বাচন হয়। বিজেপি ও সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করলেও সুবিধে করতে পারেনি। ৭৯টি আসনেই জয়ী হয় তৃণমূল। শাসক দলের বোর্ড গঠন নিশ্চিত হলেও ঘরোয়া কোন্দলে একটি ডিরেক্টর পদে ভোটাভুটি নিশ্চিত। কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের মোট ১৩টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্র থেকে একজন করে মোট ১৩জন ডিরেক্টর নির্বাচিত হবেন। ১২টি জায়গা থেকে ডিরেক্টর পদের জন্য একটি করে মনোনয়ন জমা পড়েছে। ব্যতিক্রম কাঁথি-৩ কেন্দ্র। সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দদুলাল মাইতির বিপক্ষে মনোনয়ন জমা করেছেন দলেরই দুরমুঠ অঞ্চল সভাপতি শ্যামল দাস। শাসক দলের কাঁথির যুযুধান দুই শিবির থেকে দু’জনকে লড়াইয়ের ময়দানে টিকে থাকার রসদ জোগানো হয়েছে বলে গুঞ্জন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দদুলাল মাইতিকে কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের চেয়ারম্যান পদে চাইছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও দলের জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা। তাই কাঁথি-৩ কেন্দ্র থেকে ডিরেক্টর নির্বাচনে প্রার্থী করা হয়। তাঁকে চ্যালেঞ্জ জানাতে প্রার্থী হয়েছেন শ্যামল দাস। তৃণমূলের জেলা সভাপতির প্রকাশিত তালিকা অনুসারে কাঁথি-৩ কেন্দ্রের অফিসিয়াল প্রার্থী নন্দবাবু। কিন্তু তৃণমূলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তীর দাবি, ওই আসনে দলের অফিসিয়াল প্রার্থী শ্যামলবাবু। তাই কে অফিসিয়াল প্রার্থী, তা নিয়ে ধন্দ রয়েছে। শুক্রবার যে কোনও একজনকে লড়াই থেকে সরানোর জন্য লাগাতার চেষ্টা চালানো হয়। কিন্তু কেউই সরে দাঁড়াতে রাজি হননি।তৃণমূলের সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তী বলেন, শ্যামল দাস অফিসিয়াল প্যানেলের প্রার্থী। নন্দদুলাল মাইতিকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু, তিনি করেননি। অন্যদিকে, জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি ওই আসনে দলের প্রার্থী। শ্যামল দাসকে মনোনয়ন প্রত্যাহার করার বার্তা পাঠানো সত্ত্বেও নির্দেশ মানেননি।
কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অমিয় হোতা বলেন, মোট ১৩ জন ডিরেক্টর হবেন। তারমধ্যে ১২টি কেন্দ্র থেকে একজন করেই মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র কাঁথি-৩ আসনে দু’টি মনোনয়ন থাকায় ভোটাভুটি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ