নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদদিত্যনাথের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে প্রথমে হয়েছিল এসআইআর। এরপর স্পেশাল রিভিশন শুরু হয়। সেই স্পেশাল রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার। দেখা গিয়েছে, এসআইআরে তালিকায় যে ভোটার সংখ্যা ছিল, এক ধাক্কায় ১৯ লক্ষ বেড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি বিরোধীদের অভিযোগই প্রমাণিত হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় গলদ আছে। কারণ, এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল এসআইআর তালিকা। স্পেশাল রিভিশনের পর মাত্র ৬ মাসেই সেই তালিকায় ১৯ লক্ষ যুক্ত হল কীভাবে? এসবের থেকেও রাজনৈতিকভাবে যা তাৎপর্যপূর্ণ সেটি হল, যোগী আদিত্যনাথ বনাম নির্বাচন কমিশনের সংঘাত আরও তীব্র হল। মঙ্গলবার নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথের অভিযোগ একপ্রকার উড়িয়েই দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী স্বয়ং অভিযোগ করছেন ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। তিনি আরও দাবি করেছেন, এই ভোটাররা বৈধ। তাদের মধ্যে ৬৫ লক্ষ ভোটারের নাম পঞ্চায়েত ভোটের তালিকাতেই রয়েছে। ৫৫ লক্ষ ভোটার সরকারের থেকে সবরকম প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে আসছে। এদের নাম বাদ যায় কীভাবে? সাড়ে ৫ লক্ষ নতুন যুব ভোটারের নাম নেই কেন? যোগী আদিত্যনাথের দাবিকে একপ্রকার অগ্রাহ্য করে লখনউতে রাজ্য
নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ধর্ম, জাতপাত, সম্প্রদায়, নারী-পুরুষের নিরিখে কমিশন কখনও ভোটার তালিকা থেকে নাম বাদ দেয় না। সুতরাং এই অভিযোগ ভিত্তিহীন। যাদের নাম বাদ গিয়েছে, তাদের
মধ্যে বৈধ ভোটার থাকলে তারা আবেদন করুক। আর এপ্রিল থেকে এ পর্যন্ত ওই আবেদনের কারণেই তো ১৯ লক্ষ নাম উঠেছে তালিকায়। এমন নয় যে, এসআইআরে ভ্রান্তি ছিল। কারণ এসআইআর তালিকা এপ্রিল মাসে প্রকাশিত হওয়ার পরও তো নতুন ভোটারদের আবেদন জমা হয়েছে। বৈধ ভোটারদের আবেদন গ্রাহ্য হয়েছে।
এদিকে মথুরায় দ্বিতীয় দিনের চিন্তন শিবির সমাপ্ত হওয়ার আগেই এই খসড়া ভোটার তালিকায় ১৯ লক্ষ নতুন নাম যুক্ত হওয়া নিয়ে যোগী শিবিরের বিজেপি বলেছে, এই ১৯ লক্ষ সংখ্যা নামমাত্র। আমরা আগমী কাল থেকেই ঘরে ঘরে যাব। প্রত্যেকের ভোটার তালিকা পরীক্ষা করা হবে। অন্যদিকে অখিলেশ যাদবের অভিযোগ যোগী আদিত্যনাথ এবং নির্বাচন কমিশনের এই সংঘাত নাটক। এভাবে চাপ সৃষ্টি করে যোগী আদিত্যনাথ আসলে ভুয়ো বিজেপি ভোটার তালিকায় যুক্ত করার খেলায় নেমেছেন। যে সব রাজ্যে সাম্প্রতিককালে ভোট হয়েছে, সেখানে এইভাবেই অন্য রাজ্য থেকে ভুয়ো ভোটার আনা হয়েছে।



