Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটকর্মীদের তথ্য আদান প্রদানে বিশেষ অ্যাপ নির্বাচন কমিশনের

এবার অনলাইনে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবেন প্রিসাইডিং অফিসাররা। তার জন্য বিশেষ অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। যার নাম ইসিআই-নেট।

ভোটকর্মীদের তথ্য আদান প্রদানে বিশেষ অ্যাপ নির্বাচন কমিশনের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবার অনলাইনে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবেন প্রিসাইডিং অফিসাররা। তার জন্য বিশেষ অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। যার নাম ইসিআই-নেট। নির্বাচন পরিচালনা আরও আধুনিক এবং স্বচ্ছ করতেই নির্বাচন কমিশনের এই নতুন পদক্ষেপ। তার জন্য মডেল করা হয়েছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে। আগামী দিনে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই নতুন ব্যবস্থার ‘ট্রায়াল’ হবে কালীগঞ্জে। সেইমতো নির্বাচন কমিশনের আধিকারিকরা ট্রেনিং দিচ্ছেন প্রিসাইডিং অফিসারদের। রবিবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ৩৯০ জন প্রিসাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়।‌ কীভাবে অ্যাপ ব্যবহার করে ভোট গ্রহণ সংক্রান্ত তথ্য জানাতে হবে সে ব্যাপারে আলোচনা করা হয়। নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক অনুপকুমার দত্ত বলেন, নির্বাচন কমিশন নতুন অ্যাপ এনেছে প্রিসাইডিং অফিসারদের জন্য। সেই অ্যাপের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।

Advertisement

এতদিন প্রিসাইডিং অফিসাররা নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র থেকে এসএমএসের মাধ্যমে বিভিন্ন তথ্য দিতেন কমিশনকে। মক পোল, কত ভোট পড়েছে, ভোট গ্রহণ কেন্দ্রের বর্তমান অবস্থা সহ বিভিন্ন তথ্য জানাতে হতো। কিন্তু ওই পদ্ধতিতে নানা সমস্যা হতো। গোটা প্রক্রিয়ার গতিও ছিল মন্থর।‌ যার জন্য অ্যাপের ব্যবস্থা। নিবরাচন কমিশনের মূল লক্ষ্য হল, তথ্য আদান-প্রদানকে আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তদারকি এবং রিপোর্টিং প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে আনা।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে ইসিআই-নেট অ্যাপে ওটিপি বেসড রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ভোটের দিন ওই অফিসারকে মক পোল কখন শুরু হল, কতজন পোলিং এজেন্ট উপস্থিত আছে, মক পোলে ভিভি প্যাডের রেজাল্ট মিলেছে কি না, তারপর মক পোলের সেই তথ্য মুছল কি না, সেই সমস্ত তথ্য ওই অ্যাপে আপলোড করতে হবে। তারপর প্রতি দু’ ঘণ্টা অন্তর কতজন পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ভোট দিতে এলেন তা অ্যাপে জানাতে হবে। এমনকী ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ইভিএমে কত ভোট পোল দেখাচ্ছে, আইন-শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির তথ্যও অ্যাপে আপলোড করতে হবে। জানা গিয়েছে, অ্যাপে সেই তথ্য আপলোড করার পর তা রিটার্নিং অফিসার থেকে শুরু থেকেই জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের আধিকারিক সকলেই সেই তথ্য দেখতে পাবেন। যার ফলে স্বচ্ছতা বজায় থাকবে। প্রশাসনের আধিকারিকদের দাবি, অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হলে, বিগত সময়ের তথ্যগুলো দেখার সুযোগ থাকে। ফাইনাল রিপোর্টও দেখা যাবে। কিন্তু এসএমএস বেসড হলে সেই সুযোগ থাকে না। 
অনেকেই মনে করছেন, আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে নতুন ব্যবস্থাটির কার্যকারিতা যাচাই করার জন্য কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। ধাপে ধাপে দেশজুড়ে নির্বাচনী ব্যবস্থার ডিজিটাল রূপান্তর ঘটানোর ভাবনাচিন্তা করেছে নির্বাচন কমিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ