Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া বিদ্যুতের বিল চাওয়াতেই বৃদ্ধা খুন, জামালপুরে ভাড়াটিয়া সহ ধৃত ২

বকেয়া বিদ্যুতের বিল চাওয়াতেই জামালপুরের অবুজহাটিতে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে খুন করে ভাড়াটিয়া।

বকেয়া বিদ্যুতের বিল চাওয়াতেই বৃদ্ধা খুন, জামালপুরে ভাড়াটিয়া সহ ধৃত ২
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বকেয়া বিদ্যুতের বিল চাওয়াতেই জামালপুরের অবুজহাটিতে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে খুন করে ভাড়াটিয়া। পুলিস ওই ভাড়াটিয়াসহ আরও একজনকে গ্রপ্তার করছে। বৃহস্পতিবার সকালে পুলিস বাড়ি থেকে মীরা সরকার নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। তাঁর স্বামীও জখম অবস্থায় ঘরেই ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অমিত বাগদি নামে ওই ভাড়াটিয়া তার এক সঙ্গী কুবীর গড়াইকে সঙ্গে নিয়ে ওই গ্রাম পৌঁছয়। তাঁরা পাঁচিল টপকে ঘরের মধ্যে ঢোকে। অমিত বাড়িতে ঢুকে বাঁশের টুকরো দিয়ে ওই বৃদ্ধার মাথায় আঘাত করে। মাথার পিছনের দিকের অংশ ফেটে যায়। বাড়িতেই তিনি মারা যান। তারা বৃদ্ধার স্বামীকেও মারধর করে। তিনিও মেঝেতে লুটিয়ে পড়েন। ওই বৃদ্ধ মারা গিয়েছে ভেবে ওই দু’জন ফের পাঁচিল টপকে পালিয়ে যায়। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, অমিতের বাড়ি বীরভূমের মল্লারপুরে। সে জামালপুর থানা এলাকায় একটি চটকলে কাজ করত। সেই কারণে বাড়ি ভাড়া নিয়ে সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকত। কয়েকদিন আগে সে বাড়ি ছেড়ে দেয়। বাড়ির ভাড়াও মিটিয়ে দিয়েছিল। কিন্তু ২৪০০ টাকা বিদ্যুতের বিল বাকি ছিল। ওই বৃদ্ধা বকেয়া বিল মেটানোর জন্য অমিতকে একাধিবার ফোন করে। কিন্তু সে জানায়, সমস্ত টাকা মিটিয়ে এসেছে। আগের মাসের বিদ্যুতের বিলও দিয়েছিল। মাত্র ২০দিনের বিদ্যুতের বিল বাকি ছিল। এই কয়েক দিনের বিদ্যুতের বিল ২৪০০টাকা হতে পারে না বলে সে জানায়। কিন্তু ওই বৃদ্ধ এবং বৃদ্ধা তাঁকে ওই টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। সেই কারণে ক্ষুব্ধ হয়ে অমিত বৃহস্পতিবার গভীর রাতে অবুজহাটিতে পৌঁছে যায়। সে তার সঙ্গী কুবীর গড়াইকেও সেখানে ডাকে। কুবীর এলাকার বাসিন্দা। সেই অমিতকে বাড়িভাড়া দেখে দিয়েছিল। দু’জনে রাতে ষড়যন্ত্র করে ওই দম্পতির বাড়িতে ঢোকে। তাঁদের সন্তান নেই। তাঁরা দু’জনে সেখানে থাকত। প্রাচীর টপকে ঢোকার পর তারা ঘরের দরজায় ধাক্কা দেয়। সেটি খুলে যেতেই তারা ঘরে ঢোকে। ওই বৃদ্ধ এবং বৃদ্ধা ঘুমিয়েছিলেন। তাঁরা উঠে দাঁড়ান।  

Advertisement

অভিযোগ, সেইসময় অমিত ওই বৃদ্ধার মাথার পিছনে বাঁশ দিয়ে আঘাত করে। তিনি বিছানায় লুটিয়ে পড়েন বলে পুলিসের দাবি। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, ওই দু’জনকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করেছে। ধৃতদের ম঩ধ্যে একজন ওই দম্পতির ঘরে ভাড়া থাকত। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার পর ওই বৃদ্ধার স্বামী ঘাবড়ে গিয়েছিলেন। ভয়ে তিনি কাঁপতে থাকেন। প্রথমে দুষ্কৃতীদের সম্পর্কে কিছু বলতে পারেননি। পরে সবটা তিনি পুলিসকে জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ