Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেয়ারে লগ্নির টোপে পা, ৩৫ লক্ষ খোয়ালেন বৃদ্ধা, গ্রেপ্তার ১

সেই টোপে পা দিয়ে ওই বৃদ্ধা শেয়ার মার্কেটে লগ্নির জন্য ব্যাঙ্কে গচ্ছিত ৩৫ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন তাঁর হাতে।

শেয়ারে লগ্নির টোপে পা, ৩৫ লক্ষ খোয়ালেন বৃদ্ধা, গ্রেপ্তার ১
  • ৩০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃদ্ধাকে চড়া সুদের টোপ দিয়ে শেয়ারে লগ্নির জন্য চাপ দিচ্ছিলেন শেকসপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের অফিসার। সেই টোপে পা দিয়ে ওই বৃদ্ধা শেয়ার মার্কেটে লগ্নির জন্য ব্যাঙ্কে গচ্ছিত ৩৫ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন তাঁর হাতে। কিন্তু এর পিছনে যে প্রতারণার জাল বিছানো রয়েছে, তা বুঝতে পারেননি তিনি। শেষমেশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিস বুধবার ঢাকুরিয়া থেকে ওই ব্যাঙ্ক অফিসারকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম তারক ভৌমিক। বৃহস্পতিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক এরিনা চট্টোপাধ্যা‌য় ৯ জুন পর্যন্ত তাঁকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, কিছুদিন আগে ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধা ব্যাঙ্কিং সমস্যা নিয়ে ওই অফিসারের কাছে যান। অভিযোগ, তখন ওই ব্যাঙ্ক অফিসার দেখেন, তাঁর অ্যাকাউন্টে ৩৫ লক্ষ টাকা রয়েছে। তখন তিনি বলেন, ব্যাঙ্কে টাকা না রেখে ওই টাকা শেয়ারে লগ্নি করলে চড়া সুদ পাবেন। এরপর বৃদ্ধাকে সইসাবুদ করিয়ে ওই টাকা ব্যাঙ্ক থেকে তুলতে বাধ্য করেন। নির্দিষ্ট সময় পর বৃদ্ধা ওই অফিসারের কাছে জানতে চান, তাঁর টাকা কোথায় লগ্নি হয়েছে? তখন কিছু ভুয়ো কাজগপত্র দেখিয়ে ওই অফিসার জানান, বিভিন্ন স্কিমে তাঁর টাকা লগ্নি হয়েছে। সরকারি আইনজীবী বলেন, একটা সময় টাকার প্রয়োজন হলে বৃদ্ধা ফোন করলে ওই অফিসার বলেন, তিনি অসুস্থ। চিকিৎসার জন্য ভেলোরে রয়েছেন। তারপরই ফোন কেটে দিতেন। পরবর্তীকালে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁকে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃদ্ধা শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস বুধবার তারক ভৌমিককে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ