Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাটনায় বৃদ্ধকে গুলি করে খুন, জনতার গণপ্রহারে মৃত ২

সোমবার বিকেল ৪.৩০-৫টা। বাড়ির সামনে বসেছিলেন বৃদ্ধ আশরফি রাই। বাইকে করে সেখানে পৌঁছোয় দুই ব্যক্তি।

পাটনায় বৃদ্ধকে গুলি করে খুন, জনতার গণপ্রহারে মৃত ২
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: সোমবার বিকেল ৪.৩০-৫টা। বাড়ির সামনে বসেছিলেন বৃদ্ধ আশরফি রাই। বাইকে করে সেখানে পৌঁছোয় দুই ব্যক্তি। এরপর আচমকাই এলোপাতাড়ি গুলি চলে। ততক্ষণে রক্তে ভিজেছে মাটি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বৃদ্ধ আশরফিকে। অন্যদিকে, পালাতে গিয়ে গ্রামবাসীদের গণধোলাইয়ে মৃত্যু হল দুই দুষ্কৃতীর। বিহারের গোপালপুরের দোম্মনচক গ্রামের ঘটনা। 

Advertisement

সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদি ও তাঁর সৈনিকরা। অপরাধ-দুর্নীতিমুক্ত বিহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাসকজোটের একের পর এক নেতা-মন্ত্রী। বিরোধীদের একাংশের কথায়, ‘সুশাসনবাবু’ নীতীশ কুমার সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই রাজ্যে ফের চরম বিশৃঙ্খলার চিত্র সামনে এল। আসলে আমজনতার আই-ওয়াশ করতে মোদি-নীতীশরা শুধুই গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন। আদতে কিছুই হয়নি। তারই প্রমাণ পাটনার গোপালপুরের এই ঘটনা।
পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার জানান, সোমবার বিকেলের ঘটনা। বৃদ্ধকে গুলি করার পর বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। কিন্তু বেশি দূর পালাতে পারেনি। তাদের ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসীরা। বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। বৃদ্ধ আশরফিকে পাটনা মেডিকেলে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তাঁর।
পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের মারধরের সময় যে ইট, পাথর ও লাঠি ব্যবহার করা হয়েছিল, সেগুলিও উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কথায়, ঠিক কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। দুষ্কৃতীদেরও শনাক্ত করা যায়নি। আশরফির পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ