সংবাদদাতা, ডোমকল: এসআইআর-এর শুনানির নোটিস ধরিয়েছিল বিএলও। কিন্তু নোটিস হাতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। অভিযোগ , এসআইআর নিয়ে সেই আতঙ্কের কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁর। মৃতের নাম সফর আলি শেখ (৭৬)। মৃতের বাড়ি ইসলামপুরের নলবাট্টায়। শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় মৃত্যু হয়েছে তাঁর। এনিয়ে গত দিনকয়েকের ব্যবধানে ডোমকল মহকুমার তিনটি পৃথক এলাকায় এসআইআর সংক্রান্ত আতঙ্কে তিনটি মৃত্যুর ঘটনা ঘটল বলে উঠেছে অভিযোগ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলবাট্টা এলাকায় নাতির বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ। পরিবারের দাবি, ২০০২ এর ভোটার তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু নামের বানান সংক্রান্ত গড়মিলের কারণে শুক্রবার সকালে তাঁর নামে শুনানির নোটিস হয়। অভিযোগ, সেই নোটিস হাতে পাওয়ার পর থেকেই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন সফর সাহেব। আতঙ্কিত হয়ে নানান নথি জোগাড় করার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপরই পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যেতে গেলে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃতের নাতনি সুর্মিলা খাতুনের কথায়, নোটিস আসার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন দাদু। আতঙ্কের সঙ্গে নানান নথি খুঁজছিলেন। আর সেই নথি খোঁজার সময়ে একটি নথি খুঁজে পাচ্ছিলেন না। তখনই ওই আতঙ্কেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তাতেই দাদু মারা যান। এসআইআরের শুনানির নোটিসই কেড়ে নিল দাদুকে।
প্রসঙ্গত, মঙ্গলবার ও বুধবারে জলঙ্গির নওদাপাড়া ও ঘোষপাড়ায় দু’জনের মৃত্যুর ঘটনায় এসআইআর আতঙ্কের দিকে আঙ্গুল তুলেছিলেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড়। নিজস্ব চিত্র