Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিতে ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রবীণের, জখম আরও ২

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বালি স্টেশনে ভিড়ে ঠাসা হাওড়াগামী লোকালে ওঠার সময় প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে মৃত্যু হল ৮০ বছরের এক পুণ্যার্থীর

বালিতে ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রবীণের, জখম আরও ২
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বালি স্টেশনে ভিড়ে ঠাসা হাওড়াগামী লোকালে ওঠার সময় প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে মৃত্যু হল ৮০ বছরের এক পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। বুধবার দুপুরের এই ঘটনায় বালি স্টেশনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতের নাম সুধাংশুকুমার নামতীর্থ (৮০)। আহত নরেশচন্দ্র গড়াই ও সুকুমার রামকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে পাঁচজনের ওই দলটি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এসেছিল। পুজো সেরে তাঁদের হাওড়া স্টেশন হয়ে বর্ধমানে যাওয়ার কথা ছিল। সেইমতো এদিন বিকাল ৪টে নাগাদ বালি স্টেশনে এসে হাওড়াগামী লোকালে ওঠার চেষ্টা করেন তাঁরা। তখন ট্রেনে ব্যাপক ভিড়। তার উপর বৃষ্টি হচ্ছিল। কোনোরকমে ট্রেনের দরজায় পা রাখতে গিয়েই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শী সুভাষ বাউড়ি বলেন, ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে গিয়ে আচমকা পা পিছলে যায় তিনজনের। তাঁরা প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। দু’জন কোনোরকমে বেঁচে গেলেও সুধাংশুবাবু ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে ঢুকে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের চাপে পাঁচজন কোনোরকমে কামরায় ওঠার চেষ্টা করছিলেন। আচমকা তিনজনের পা পিছলে গেলে বাকি যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে আসেন রেল পুলিশের কর্মীরা ও অন্যান্য যাত্রীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের সহযাত্রী সুভাষ বাউড়ি বলেন, ‘আমরা পাঁচজন একসঙ্গে পুজো দিতে এসেছিলাম। বাড়ি ফেরার সময় এমন ঘটনা ঘটবে, ভাবতে পারিনি। প্রশাসনের তরফে যথেষ্ট সাহায্য পেয়েছি।’ তাঁর কথায়, পুজো দিয়ে ফেরার পথে একজনকে যে হারাতে হবে, তা কল্পনা করতে পারছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ