সংবাদদাতা, উলুবেড়িয়া: বাজার করে বাড়ি ফেরার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হল। রবিবার বেলা ১২টা নাগাদ এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল জয়পুর থানার ঝিকিরা বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্পের সামনের এলাকা। উত্তেজিত জনতা ঘাতক বাসের পাশাপাশি আরও একটি বাসে ভাঙচুর চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম কার্তিক দলুই (৬৫)। বাড়ি জয়পুর থানার কাঁকরোল গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।
এদিন সকালে কার্তিকবাবু ঝিকিরা বাজার থেকে বাজার করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঝিকিরা পেট্রল পাম্পের সামনে ঝিকিরা হাওড়া রুটের একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। তখন বাসের সামনের বাঁদিকের চাকা তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, চোখের সামনে এমন দুর্ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘাতক বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসেও ভাঙচুর চালানো হয়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনরাতের অধিকাংশ সময় ঝিকিরা বাসস্ট্যান্ডে পার্কিং না করে রাস্তার পাশে বেআইনিভাবে বাস সহ অন্য যানবাহন পার্কিং করে রাখা হয়। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এই কারণেই রবিবার সকালে দুর্ঘটনা ঘটে গেল। অবিলম্বে রাস্তার পাশ থেকে বেআইনি পার্কিং সরানোর দাবি জানানো হয়।
স্থানীয় এক বাসিন্দা ঋত্বিক সাউ জানান, রাস্তার পাশে বেআইনি পার্কিংয়ের ফলে যাতায়াতের রাস্তা সংর্কীন হয়ে পড়ছে। আর তার জেরেই দুর্ঘটনা ঘটছে। দেড় বছর আগে আমাদের পাড়ার একজনেরও এইভাবে বাস চাপা পড়ে মৃত্যু হয়েছিল। কিন্তু তখন মানুষ কিছু করেনি। আবার সেই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাই এদিন মানুষের রাগের বহিঃপ্রকাশ ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।