সংবাদদাতা, কাকদ্বীপ: কুলপি থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই নাবালিকার পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আব্দুল রউফ মিরকে (৬০) গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হঠাৎই ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপর তার মা জিজ্ঞাস করলে সে পুরো বিষয়টি মাকে জানায়। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা নাগাদ ওই নাবালিকা খাবার কেনার জন্য স্থানীয় একটি দোকানে গিয়েছিল। তখন ওই দোকানের মালিক আব্দুল তাকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে বলে দিলে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ফলে ওই নাবালিকা ভয়ে বাড়িতে কোনো কিছুই জানায়নি। পরে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। শুক্রবার পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করেছে।



