Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্প্যানিশ সুপার কাপে আতলেতিকোকে হারাল রিয়াল, ফাইনালে আবারও এল ক্লাসিকো

গত বছর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পরিয়েছিল বার্সেলোনা। সেই যন্ত্রণা এখনও ভুলতে পারেননি লস ব্ল্যাঙ্কোস সমর্থকরা।

স্প্যানিশ সুপার কাপে আতলেতিকোকে হারাল রিয়াল, ফাইনালে আবারও এল ক্লাসিকো
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আতলেতিকো-১    :        রিয়াল-২ (সরলোথ)   (ভালভার্দে, রডরিগো)

Advertisement

জেড্ডা: গত বছর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পরিয়েছিল বার্সেলোনা। সেই যন্ত্রণা এখনও ভুলতে পারেননি লস ব্ল্যাঙ্কোস সমর্থকরা। এবার তার বদলা নেওয়ার সুযোগ রিয়ালের সামনে। রবিবার জেড্ডায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি স্পানিশ ফুটবলের দুই জায়ান্ট। এল ক্লাসিকো ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। বার্সেলোনা আগেই খেতাবি লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার রাতে সুপার কাপের সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে বশ মানিয়েছে রিয়াল। পাশাপাশি সমর্থকদের জন্য আরও এক সুখবর দিয়েছেন কোচ জাবি আলোন্সো। তিনি জানিয়েছেন, ফাইনালের আগে চোট সারিয়ে দলে যোগ দেবেন কিলিয়ান এমবাপে। তাতে নিশ্চিতভাবে শক্তি বাড়বে মাদ্রিদের ক্লাবটির।
গত সেপ্টেম্বরে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে ২-৫ ব্যবধানে হেরেছিল রিয়াল। সুপার কাপের সেমি-ফাইনালে আলোন্সো-ব্রিগেডের জয় সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল। বৃহস্পতিবার ম্যাচের ২ মিনিটেই লিড নেয় রিয়াল। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি-কিকে জাল কাঁপান ভালভার্দে (১-০)। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল রিয়াল। কিন্তু বক্সের মধ্যে থেকে নেওয়া রডরিগোর শট ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক জান ওবলাক। ৩২ মিনিটে আতলেতিকো মাদ্রিদও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু অ্যালেক্স বায়নার শট সেভ করে দেন থিবো কুর্তোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়ালের দাপট ছিল। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রডরিগো (২-০)। তবে তার তিন মিনিট পরেই সরলোথের গোলে লড়াইয়ে ফেরার আশা জাগায় আতলেতিকো (২-১)। কিন্তু বাকি সময়ে মরিয়া চেষ্টা চালিয়েও সমতা ফেরাতে পারেনি ডিয়েগো সিমোনের দল। এই পর্বে মাঠে আতলেতিকোর কোচের সঙ্গে ঝামেলায়ও জড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ৮১ মিনিটে তাঁকে তুলে নেন রিয়াল কোচ আলোন্সো। ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় তাঁকে কিছু একটা মন্তব্য করেন সিমোনে। তারপরই ঝামেলায় জড়ান দু’জনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ