Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাসেও দায়িত্ব নেননি নতুন উপাচার্য প্রণব ঘোষ

একমাসেও দায়িত্ব নেননি নতুন উপাচার্য প্রণব ঘোষ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রণব ঘোষের নাম ঘোষণা হয়েছিল ১১ ডিসেম্বর। কিন্তু প্রায় একমাস হতে চললেও দায়িত্ব নেননি উপাচার্য। কার্যত অভিভাবকহীন এই বিশ্ববিদ্যালয়। ফলে নানা সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপক, কর্মীদের বেতন দেওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও সমস্যা শুরু হয়েছে। কর্মীরা এখনও বেতন পাননি। বিদ্যুত্, ইন্টারনেটের বিল সহ নানা বিল আধিকারিক ও কর্মীদের দিতে হচ্ছে।
Advertisement
অভিযোগ, রেজিস্ট্রার থাকলেও বিশ্ববিদ্যালয়ে আসেন না। এমনকী কন্ট্রোলারেরও দেখা মেলে না। ফলে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব এখন ফিনান্স অফিসারের কাঁধে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্য না থাকায় কোনও কাজই করতে পারছেন না ফিনান্স অফিসার।
রাজভবন থেকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নাম ঘোষণার পরও এখনও কেন দায়িত্ব নিচ্ছেন না প্রণববাবু? কবে তিনি বিশ্ববিদ্যালয়ে পা রাখবেন? এই প্রশ্নের উত্তর দিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক। ফোন না তোলায় নতুন উপাচার্য প্রণববাবুর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। 
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার উজ্জ্বল দাস বলেন, উপাচার্য কবে আসবেন, আমার জানা নেই। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিল সংক্রান্ত বিষয়ে নানা সমস্যা হচ্ছে। এমাসে বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মীকে বেতন ও ভাতা দেওয়া যায়নি।
গত ১০ ডিসেম্বর রাতেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য দেবব্রত মিত্র দায়িত্ব ছেড়ে দেন। অভিযোগ, আগে থেকেই রেজিস্ট্রার কৌশিক মাঝি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না । পরে কন্ট্রোলার হিসেবে মিনু ভারতীকে নিয়োগ করা হয়। কিন্তু তাঁরও দেখা মেলে না। ফলে প্রশাসনিক নানা কাজ আটকে রয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অতিথি অধ্যাপক রাজু পাল বলেন, আমরা এক মাসের বেতন এখনও পাইনি। আশা করছি, নতুন উপাচার্য দ্রুত দায়িত্ব নেবেন। এমনিতেই নানা সমস্যায় জর্জরিত এই বিশ্ববিদ্যালয়।
সম্পর্কিত সংবাদ