Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক দশক পর শুরু মার্কেট কমপ্লেক্সের কাজ

এক দশক পর শুরু মার্কেট কমপ্লেক্সের কাজ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: আয় বৃদ্ধি করতে এক দশক আগে প্রস্তাবিত মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু করল ডালখোলা পুরসভা। শহরের প্রায় মাঝখানে ডাকবাংলো ময়দানে এই মার্কেট তৈরি হলে শহরের বেশকিছু বেকারের কর্মসংস্থান হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের।
Advertisement
চেয়ারম্যান স্বদেশ সরকার বলেন, আপাতত মাটি পরীক্ষার কাজ চলছে। ওই এলাকায় বসবাসকারীদের জায়গা খালি করতে বলা হয়েছে। তাঁদের আমরা বাড়ি করার জন্য জায়গা দিচ্ছি। কমপ্লেক্সে তিনটি ব্লক হবে। একটি ব্লকের কাজ শুরু করা হবে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ১৫০ টি দোকান নির্মাণ করব আমরা।  
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলো ময়দানটি উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে। দীপা দাশমুন্সি রায়গঞ্জের সাংসদ থাকাকালীন জেলা পরিষদে কংগ্রেসের বোর্ড ছিল। ডালখোলা পুরসভাও দখলে রেখেছিল তারা। তখনই ওই জায়গাটি পুরসভাকে হস্তান্তর করা হয়। দীপার হাত দিয়ে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ আর শুরু হয়নি। এবার পুর চেয়ারম্যান স্বদেশ সরকার উদ্যোগ নিয়ে ডাকবাংলো ময়দান লিজের চুক্তিও নতুন করে করেছেন জেলা পরিষদ থেকে। 
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ডাকবাংলো ময়দানটি ফাঁকাই পড়ে থাকে। সেখানে বিভিন্ন সময় রাজনৈতিক দলের কর্মসূচি হয়। ছোট গাড়ি পার্ক করার পাশাপাশি বর্জ্যও ফেলা হয় বলে বর্ষায় জল জমে যাওয়ার সমস্যা দেখা যায়। সেখানে মার্কেট কমপ্লেক্স হলে জায়গাটির উন্নয়ন হবে। পুরসভার উদ্যোগ ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডালখোলা শহর লাগোয়া হওয়ায় বিহার থেকে রোজ প্রচুর মানুষ কেনাকাটা করার জন্য আসেন। তাই মার্কেট তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
সম্পর্কিত সংবাদ