চণ্ডীগড় ও সিমলা: পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ হলেন ভারতীয় সেনার এক সুবেদার মেজর। ২৫ পাঞ্জাব রেজিমেন্টের সদস্য পবন কুমার নামে ওই জওয়ান কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালন করছিলেন। গত কয়েকদিন ধরে সেখানে ভারী গোলাবর্ষণ করছিল পাক সেনা। ভারতীয় বাহিনী জবাব দিয়েছে। শনিবার সকালেও সংঘর্ষ চলছিল। সেই সময়ই গোলার আঘাতে শহিদ হন হিমাচল প্রদেশের কাংড়া জেলার শাহপুরের বাসিন্দা পবন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। অন্যদিকে, পাক সেনাবাহিনীর গুলিতে শহিদ হন বিএসএফের সাব ইনসপেক্টর মহম্মদ ইমতিয়াজ। জানা গিয়েছে, জম্মুর আর এস পুরা এলাকার বিএসএফ আউটপোস্টের দায়িত্বে ছিলেন তিনি। এদিনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন রাজস্থানের বাসিন্দা সুরেন্দ্র সিং মোগা। সূত্রের খবর, শনিবার উধমপুরে বায়ুসেনার ঘাঁটিতে কর্মরত ছিলেন সুরেন্দ্র। উধমপুরের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ড্রোনের টুকরো আকাশ থেকে মাটিতে পড়ার সময় তাতে জখম হন সুরেন্দ্র। পরে তাঁর মৃত্যু হয়। সুরেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।



