ইন্দোর: ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরে দূষিত জল খেয়ে মৃত্যুমিছিল! এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। গুরুতর অসুস্থ বহু। মূলত ইন্দোর শহরের ভগীরথপুরা এলাকায় এই দূষিত পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। কয়েকদিন আগে সেখানকার বাসিন্দাদের মধ্যে জল খেয়ে বিষক্রিয়া শুরু হয়। হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বাড়তে থাকে। তাঁদের মধ্যেই আটজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর অসুস্থ আরও অনেকে। বুধবারও বেশ কয়েকজন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু। সরকারি হিসেব বলছে, গত এক সপ্তাহে ১ হাজারের বেশি মানুষের বমি-ডায়েরিয়ার সমস্যা হয়েছে। তার মধ্যে ১১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দোরের পরিচ্ছন্নতা নিয়ে প্রায়শই সমাজমাধ্যমে গর্ব করে পোস্ট করেন বিজেপির নেতা-মন্ত্রীরা। সেই শহরেই দূষিত জল খেয়ে এতজনের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মোহন যাদব। পুরসভার দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক ইঞ্জিনিয়ারকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোহন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিজনের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। যদিও তাঁর দাবি, জলের জন্য সকলের মৃত্যু হয়নি। কেউ কেউ স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। যা নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে।



