Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোল হাসপাতালে বসল আটটি সিসি ক্যামেরা, নিরাপত্তা বৃদ্ধির দাবি

গাজোল হাসপাতালে বসল আটটি সিসি ক্যামেরা, নিরাপত্তা বৃদ্ধির দাবি
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালের ভিতর থেকে সদ্যোজাত শিশু চুরির ঘটনার জের। নিরাপত্তার স্বার্থে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতালের গেটের প্রবেশের সামনে সহ বিভিন্ন জায়গায় আটটি নতুন সিসি ক্যামেরা বসানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আটটি সিসি ক্যামেরা পর্যাপ্ত নয়। হাসপাতালের নতুন ভবন চারতলা বিশিষ্ট। সেখানে পুরো কভার করতে আরও অন্তত ৪০টি সিসি ক্যামেরা প্রয়োজন। শুধু তাই নয়, হাসপাতালে আরও নিরাপত্তারক্ষী দরকার রয়েছে। সমস্যার বিষয়গুলি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মালদহ জেলার পুলিস সুপারের কাছে লিখিত জানিয়ে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কর্মী এবং  সদ্যোজাত শিশুদের মায়েদের আরও কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় বলেন, আমরা আবারও স্থানীয়দের ধন্যবাদ জানাই। তাঁদের প্রচেষ্টায় ওইদিন শিশুটি উদ্ধার হয়েছে। ঘটনার পর আটটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আরও দরকার রয়েছে। হাসপাতালে আরও নিরাপত্তা রক্ষী দরকার। পুলিস সুপারকে চিঠি দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, আগে এটি গাজোল গ্রামীণ হাসপাতাল ছিল। রাজ্য সরকারের উদ্যোগে স্টেট জেনারেল হাসপাতালের তকমা পায়। গাজোল সহ ইটাহার, রতুয়ার একাংশ বাসিন্দা এখানে চিকিৎসা করাতে আসেন। অভিযোগ, হাসপাতালে সীমানা প্রাচীর এবং সিসি ক্যামেরার অভাব রয়েছে। পর্যাপ্ত রক্ষী নেই। একজন পদস্থ পুলিস আধিকারিক এবং কনস্টেবল হাসপাতাল দেখভাল করেন। হাসপাতালের সুপার আরও বলেন, আগেও আমাদের নির্দেশ ছিল, শিশুকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। এমনকী শৌচকর্ম করতে গেলেও সদ্যোজাতের পাশে আত্মীয়দের রাখতে হবে। এগুলি নির্দেশ পালন করতে জোর দেওয়া হয়েছে। মালদহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, হাসপাতালে সীমানা প্রাচীর তৈরি করা হবে। অনুমোদন হয়ে রয়েছে। হাসপাতালের সুপার বিষয়টি দেখছেন। মালদহ জেলা পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, হাসপাতালে আমাদের পুলিস ক্যাম্প রয়েছে। হাসপাতালের সুপারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সমস্যাগুলি খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ