Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান

সরকারি জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়েক।

জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান
  • ৩ জানুয়ারি, ২০২৬ ১১:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সরকারি জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়েক। শুক্রবার মধ্যরাতে কলকাতা থেকে ‘বিদ্রোহী’ এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ, শনিবার তাঁকে কাঁথি এসিজেএম কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, সরকারি জমি অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে এগরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় গত ২০ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এগরা ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। তার ভিত্তিতে গ্রেপ্তার হলেন স্বপনবাবু।
২০২৩ সালের ২২ আগস্ট আকলাবাদ মৌজায় নরপুকুর বাজার হিসেবে পরিচিত সরকারি জমি এক ঠিকাদারকে ২০ বছরের মেয়াদে লিজে দেয় এগরা পুরসভা। অভিযোগ, স্বপনবাবু তার মূল উদ্যোগ নিয়েছিলেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভূমি দপ্তরের ওই জমি পুরসভা ভোগদখল করলেও মালিকানা তাদের হাতে নেই। ভূমি দপ্তর থেকে পুরসভাকে কখনই তা ইন্টার-ডিপার্টমেন্টাল ট্রান্সফার বা আইডিটি করা হয়নি। স্বাভাবিকভাবে এমন জমি পুরসভা অন্য কাউকে লিজে দিতে পারে না। অথচ, স্বপনবাবু সেই নিয়মের তোয়াক্কা না করে বেআইনিভাবে জমি লিজে দিয়েছেন বলে অভিযোগ। এর ফলে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে।
গত কয়েকদিন ধরে এগরা পুরসভা সংবাদ শিরোনামে। কারণ, গত ৯ নভেম্বর এগরা পুরসভার চেয়ারম্যান পদ থেকে স্বপনকুমার নায়েককে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল দল। কিন্তু, স্বপনবাবু ইস্তফা দেননি। এই অবস্থায় তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। গত ২০ ডিসেম্বর সেই অনাস্থা বৈঠকও ভেস্তে যায়। কারণ, স্বপনবাবু ভোর ৪টের সময় বিজেপির পাঁচজন এবং কংগ্রেসের একজন কাউন্সিলার নিয়ে পুরসভা অফিসে ঢুকে পড়েন। যা নিয়ে ঝামেলা হয়। এরপর এগজিকিউটিভ অফিসারকে একটি ছুটির আবেদন লিখে বেপাত্তা হন স্বপনবাবু। বন্ধ ছিল মোবাইলও। শেষমেশ শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ