সংবাদদাতা, কাঁথি: এগরার তৃণমূল পরিচালিত পাঁচরোল পঞ্চায়েত এলাকায় বিজেপিতে ধস নামাল শাসকদল। শনিবার পাঁচরোলে তৃণমূলের এক সভায় ধুসুরদা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা রাজারাম মণ্ডল এবং বিজেপির স্থানীয় বুথ সভাপতি পঞ্চানন বেরা তৃণমূলে যোগ দেন। এদিন রাজারাম ও পঞ্চাননের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এগরার তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি সহ অন্যান্য নেতারা। ওই দুই বিজেপি নেতার সঙ্গে আরও কয়েকজন কর্মী দলবদল করে তৃণমূলের পতাকা হাতে নেন। তৃণমূলে আসা দুই নেতা বলেন, বিজেপিতে থেকে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ মেনে তৃণমূলের পতাকাতলে শামিল হয়ে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হব। তাই আমরা বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।
Advertisement
এবিষয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন, বিজেপিতে থেকে দুর্নীতি ও অনিয়ম করা সম্ভব হচ্ছিল না বলে তাঁরা তৃণমূলে যোগ দিলেন। পঞ্চায়েত গঠনের পর থেকেই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলছিলেন। শৃঙ্খলাভঙ্গ ও নানা দলবিরোধী কাজের অভিযোগ উঠছিল। তাই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। এতে দলের কোনও ক্ষতি হবে না। বিধায়ক তরুণবাবু বলেন, তৃণমূল সরকারের আমলে উন্নয়নমূলক কাজ সহ নানা কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বিজেপি থেকে দলে দলে অনেকেই ভিড় করছেন। আগামী দিনে বিজেপি থেকে আরও অনেক নেতা-কর্মীই তৃণমূলে যোগ দেবেন।



