সংবাদদাতা, বালুরঘাট: বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে,বালুরঘাটে নিজেদের দলকে শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের নিজেদের দলে টানছে জোড়াফুল। দলীয় সূত্রে খবর, বালুরঘাট শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডে যোগদান কর্মসূচি করছে তৃণমূল। জোড়াফুলের দাবি, কখনো বামফ্রন্ট আবার কখনো বিজেপি থেকে তাদের দলে আসছে।
বুধবার বালুরঘাট শহরের দিশারী ক্লাবের ময়দানে খেলা হবে কর্মসূচির পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে যোগদান কর্মসূচি হয়। সেখানে ২০ নম্বর ওয়ার্ডের ডিওয়াইএফের সম্পাদক প্রমিত সিংহ তৃণমূলে যোগ দেন। প্রমিতের বাবা টানা তিনবারের কাউন্সিলার ছিলেন। এদিনের যোগদান কর্মসূচিতে ছিলেন তৃণমূল যুবর শহর সভাপতি মণি দাস, জেলা সহ সভাপতি প্রীতম রাম মণ্ডল, দলের টাউন সভাপতি সুভাষ চাকি, পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা প্রমুখ।
বামপন্থা ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে প্রমিত বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। ডিওয়াইএফে থেকে কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূল যুবতে যোগ দিলাম।
প্রমিতের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বালুরঘাট শহরের ডিওআইএফের লোকাল কমিটির সম্পাদক ধীরাজ বসু বলেন,তৃণমূলের সঙ্গে ওর যোগাযোগের খবর আগেই পেয়েছিলাম। সম্প্রতি একটি ছবিও দেখেছিলাম। তাই আমরা আগেই ওই কর্মীকে বহিষ্কার করছি। সে সংগঠনে সক্রিয় কর্মীও ছিল না। তৃণমূল যুবর বালুরঘাট শহর সভাপতি মণি বলেন, বিভিন্ন দল থেকে বহু ছেলেমেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তৃণমূলে আসতে চাইছে। আজ ডিওয়াইএফের একঝাঁক কর্মী ও নেতা আমাদের দলে যোগ দিল।
২০১১ সালে একবারই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে জোড়াফুল ফুটেছিল। তারপর ২০১৬ এবং ২০২১ সালে জোড়াফুল ফোটেনি। এবার বালুরঘাট বিধানসভা কেন্দ্র দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেজন্য এখন থেকেই মাঠে নেমে পড়েছে নেতৃত্ব। বুথে বুথে সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে যোগদান কর্মসূচি চালাচ্ছে তৃণমূল।
ভোটের রণকৌশল ঠিক করতে কলকাতা থেকে বালুরঘাটে এসে ঘাঁটি গেড়েছেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। ইতিমধ্যে বালুরঘাট শহরের ১১ , ৩, ২০, ১৯, ২২ ওয়ার্ডে যোগদান কর্মসূচি করেছে শাসকদল। বাম ও রাম ছেড়ে অনেকে জোড়াফুলে আসছেন বলে তৃণমূলের দাবি। তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকি বলেন, প্রত্যেকদিন আমাদের দলে কেউ না কেউ যোগদান করছে। এর ফলে বিধানসভা ভোট করতে আমাদের সুবিধা হবে। বিজেপি এবার তৃণমূলের ধারেকাছে আসতে পারবে না।
এদিকে,তাঁদের দল ছেড়ে কেউ তৃণমূলে যাচ্ছে না বলে দাবি করেছেন বিজেপির টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত। তাঁর সংযোজন, বিজেপির কেউ তৃণমূলে যাচ্ছে না। তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীতে যাচ্ছে।