Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী দোকান গড়ার তোড়জোড়, শুরু হল সাফাই

খিদিরপুরে অগ্নিদগ্ধ অরফ্যানগঞ্জ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হল।

ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী দোকান গড়ার তোড়জোড়, শুরু হল সাফাই
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খিদিরপুরে অগ্নিদগ্ধ অরফ্যানগঞ্জ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হল। মার্কেট সংলগ্ন একটি খাটালের ফাঁকা জমি পরিষ্কার করা হচ্ছে। সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি হবে অস্থায়ী দোকান। তবে কত সংখ্যক দোকান হবে তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

কলকাতা পুরসভা জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। সব ফর্ম জমা হলে প্রকৃত সংখ্যা সামনে আসবে। তার উপর ভিত্তি করে বানানো হবে অস্থায়ী বাজার। আবেদনপত্র বিলি করে দিয়েছে পুরসভা। সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। শনিবারের মধ্যে সব আবেদন জমা করার কথা ছিল। তবে বাজারের ব্যবসায়ী সমিতি মঙ্গলবার পর্যন্ত বাড়তি সময় চেয়েছে। এখনও পর্যন্ত ২০০ দোকানদার আবেদন জমা দিয়েছেন। 
অগ্নিদগ্ধ জায়গা পুরসভাতে হস্তান্তর করেছে দমকল। পুলিস প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। ভস্মীভূত এলাকা সাফাইয়ের কাজ করছে পুরসভার বাজার বিভাগ। তার মধ্যে অস্থায়ীভাবে পুনর্বাসনের কাজ শুরুর প্রক্রিয়া চালু করেছে পুর কর্তৃপক্ষ। কাউন্সিলার এবং ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস বলেন, ‘ওঁদের অস্থায়ী দোকান যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে দেওয়া যায় সেটাই আমাদের অগ্রাধিকার। আশা করছি, মঙ্গলবারের মধ্যে সমস্ত ফর্ম জমা পড়ে যাবে। ফলে কতজন প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত, সেই অনুযায়ী অস্থায়ী দোকান বানানোর কাজ চালু করে দেওয়া যাবে।’ অন্যদিকে অরফ্যানগঞ্জ মার্কেটের নতুন বাজার কমপ্লেক্স পুরবাজার ঘিরে তৈরি হবে নাকি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত অংশে নতুন বাজার উঠবে তা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান এবং মেঝেতে বসা অংশ মিলিয়ে মার্কেটে মোট এক হাজার ৩১১টি জায়গা রয়েছে। যে অংশ আগুনে পুড়েছে, শুধুমাত্র সেই অংশে নতুন মার্কেট তৈরি হবে। বাকি জায়গা পুরনো অবস্থায় পড়ে থাকবে এমন হতে পারে না। গোটা জায়গাটি নিয়ে আধুনিক মার্কেট কমপ্লেক্স গড়ার পরিকল্পনা রয়েছে। যেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিধি মেনে বিল্ডিং তৈরি হবে। 
এক পুরকর্তা বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত দোকানদারদের অস্থায়ী দোকান গড়ে দেওয়ার কাজই অগ্রাধিকার। ব্যবসা চালু হোক। তারপর সকলের সঙ্গে আলোচনা করে নয়া মার্কেট কমপ্লেক্সের বিষয়ে এগনো হবে। প্রয়োজনে অন্যান্য দোকানদারদের ফাঁকা জায়গায় অস্থায়ী দোকান বানিয়ে গোটা মার্কেট খালি করে তারপর নতুন আধুনিক বাজার তৈরি করা হবে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ