Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরে মানুষকে সাহায্য করা ‘রুখতে’ই ইডির হানা আইপ্যাকে, তাহেরপুরে অভিযোগ অভিষেকের

এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতার জন্য তৃণমূলের পাশে দাঁড়িয়ে আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি) কাজ করছে।

এসআইআরে মানুষকে সাহায্য করা ‘রুখতে’ই ইডির হানা আইপ্যাকে, তাহেরপুরে অভিযোগ অভিষেকের
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তাহেরপুর: এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতার জন্য তৃণমূলের পাশে দাঁড়িয়ে আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি) কাজ করছে। সেটা রুখতেই তাদের অফিসে হানা দিয়েছিল ইডি। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ইডি হানার এটাই নেপথ্য কারণ বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূলের পরামর্শদাতা সংস্থার অফিসে ইডি হানা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনেছে তৃণমূল। শুক্রবার নদীয়া জেলার তাহেরপুরের জনসভা থেকে তৃণমূল সেনাপতি বলেন, ‘ইডিকে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের জন্য একটি সংস্থা কাজ করে, তাদের নাম আইপ্যাক। তারা ভোটার লিস্ট সংক্রান্ত কাজ করছে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তার জন্য দিদির দূত নামে একটি অ্যাপ তারা তৈরি করেছে। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলের হয়ে তারা কাজ করছে। কেন গরিব মানুষকে সহযোগিতা করা হচ্ছে, তার জন্যই আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি।’ নির্বাচন কমিশন মানুষের মৌলিক অধিকার হরণের  চেষ্টা করছে বলে এদিন ফের সোচ্চার হন তিনি। 
বিজেপিকে নিশানা করে অভিষেক আরও জানান, তাঁকে এবং তাঁর স্ত্রী-সন্তান, বাবা-মাকে হেনস্তা করছে ইডি। যে কোনও নির্বাচনের আগেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাংলায় বেড়ে যায়। সেভাবেই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ি ফের শুরু হচ্ছে বলে মনে করেন তিনি। অভিষেক বলেন, ‘নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। আর ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। এটাই বিজেপির ফর্মুলা। কিন্তু যতই বাধা আসুক, যত এজেন্সিকেই কাজে লাগানো হোক না কেন, ছাব্বিশের নির্বাচনে তৃণমূল জিতবেই।’ তাঁর দৃপ্ত ঘোষণা, ‘দিল্লির জল্লাদ ও জমিদারদের কাছে মাথা নত করবে না বাংলা। বিজেপির কাছে ইসি, ইডি সব রয়েছে। কিন্তু মানুষ নেই। তাই এবারের খেলায় ১০-০ গোলে বিজেপিকে হারাব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ