Bartaman Logo
৫ জুন, ২০২৬

এনআরআই কোটায় অযোগ্যদের ভর্তি, মেডিক্যালের বড়সড় দুর্নীতি ফাঁস ইডির

মেডিক্যাল শিক্ষাক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রায় ১৮ হাজার এমবিবিএস আসনে অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের ভর্তি করা হয়েছে।

এনআরআই কোটায় অযোগ্যদের ভর্তি, মেডিক্যালের বড়সড় দুর্নীতি ফাঁস ইডির
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮

নয়াদিল্লি: মেডিক্যাল শিক্ষাক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রায় ১৮ হাজার এমবিবিএস আসনে অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের ভর্তি করা হয়েছে। তার জন্য ব্যবহার করা হয়েছে এনআরআই কোটা। নিয়ম অনুযায়ী, মেডিক্যাল কলেজে অনাবাসীদের জন্য কিছু আসন সংরক্ষিত থাকে। অনাবাসী হওয়ার উপযুক্ত প্রমাণ দেখালেই এই আসনে ভর্তির সুযোগ মেলে। অভিযোগ, অবৈধভাবে তৈরি নকল নথি দেখিয়ে বিভিন্ন বেসরকারি কলেজ অযোগ্য প্রার্থীদের ভর্তি করা হতো।

Advertisement

বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাসের সহযোগিতায় তদন্ত চালায় ইডি। জানা গিয়েছে, মূলত বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এই অবৈধ ভর্তির চক্র চলত। নথি জাল করার জন্য কাজে লাগানো হতো অসাধু এজেন্টদের। নকল এমব্যাসি সার্টিফিকেট, জাল ‘ফ্যামিলি ট্রি’, বিদেশি আত্মীয়ের পরিচয়পত্র—সবই বানিয়ে দিত এই এজেন্টরা। তদন্তকারীদের দাবি, অনেক সময় একই নথি একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা হতো। ইডির অভিযোগ, এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েকজন অনাবাসীও। তাঁরা টাকার বিনিময়ে নিজেদের নাম, পরিচয় ব্যবহার করতে দিতেন। ইতিমধ্যে একাধিক নকল সার্টিফিকেট ও নোটারির ভুয়ো সিলমোহর উদ্ধার করেছেন তদন্তকারীরা। নিয়ম অনুযায়ী, এনআরআই পড়ুয়াদের পড়াশোনার খরচ বিদেশে থাকা তাঁদের পরিবার পাঠায়। তবে ইডির তদন্তে জানা গিয়েছ, দেশের বহু কলেজে এনআরআই কোটায় ভর্তি হওয়া পড়ুয়ার পড়াশোনার খরচ বিদেশ থেকে পাঠানো হচ্ছে না। 
ভর্তি কেলেঙ্কারির নেপথ্যে প্রশাসনিক নজরদারিতে গাফিলতির অভিযোগও সামনে এনেছে ইডি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন বেসরকারি কলেজে এই চক্র রমরমিয়ে চলেছে বলে দাবি তদন্তকারীদের। সংশ্লিষ্ট প্রশাসন এনিয়ে বিশেষ কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রতারণার চক্র আরও বড় হয়েছে বলে অভিযোগ ইডির। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আগেই সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক। জাল নথি দেখিয়ে এনআরআই কোটায় ভর্তি চলছে, এর প্রমাণও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করেনি।  ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে ভর্তি কেলেঙ্কারিতে অপরাধের প্রমাণ হাতে এসেছিল তদন্তকারীদের। কয়েক কোটি টাকার অবৈধ সম্পত্তিরও হদিশ মিলেছিল। তালিকায় ছিল পশ্চিমবঙ্গের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ। ইডির অভিযোগে উল্লেখ ছিল, এই কলেজটি প্রায় ৬ কোটি ৪২ লক্ষ টাকার অবৈধ সম্পত্তির মালিক। পাশাপাশি, আরও কিছু কলেজ এবং ব্যক্তির অবৈধ সম্পত্তির হদিশ দিয়েছিল ইডি। সেক্ষেত্রেও সম্পত্তির পরিমাণ ছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকার।

সম্পর্কিত সংবাদ