Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুর জেলাপুলিশ এখন অভিভাবকহীন, চর্চা

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বাঁকুড়ায় বদলি হলেও তাঁর জায়গায় নতুন এসপি নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য।

পূর্ব মেদিনীপুর জেলাপুলিশ  এখন অভিভাবকহীন, চর্চা
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বাঁকুড়ায় বদলি হলেও তাঁর জায়গায় নতুন এসপি নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য। এর ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইনে সৌম্যদীপবাবুকে বিদায় সংবর্ধনা জানান হয়েছে। তিনি বাঁকুড়ায় রওনা দেওয়ার অপেক্ষায়। অথচ পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে কে যোগদান করবেন, তা নিয়ে কোনও নির্দেশিকা নেই। বুধবার তমলুক থানার আইসি, কোলাঘাট থানার ওসি সহ বেশ কয়েকটি থানার আধিকারিকরা বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে অফিসে পৌঁছে ছিলেন। তবে, ফেয়ারওয়েল হয়ে যাওয়ায় তিনি বুধবার অফিসে যাননি। জেলা পুলিশ মহলে এনিয়ে চর্চার শেষ নেই।

Advertisement

গত ২৭ নভেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার বদলির নির্দেশিকা জারি করা হয়। সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের নামও আছে। তাঁকে বাঁকুড়া জেলায় বদলি করা হয়েছে। তারপর থেকেই বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা জানান শুরু হয়। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সহ জনপ্রতিনিধি থেকে নানা সংগঠন এবং আরও অনেকে তাঁকে সংবর্ধনা জানান। মঙ্গলবার সন্ধ্যায় নিমতৌড়ি পুলিশ লাইনে বিদায়ী এসপিকে সংবর্ধনা জানানো হয়।
বুধবার তিনি অফিসে আসবেন ধরে নিয়ে বিভিন্ন থানা থেকে আইসি ও ওসিরা গিয়েছিলেন। কিন্তু পুলিশ লাইনে বিদায় সংবর্ধনার পর আর অফিসে যাননি বিদায়ী এসপি। তিনি নতুন পুলিশ সুপারের যোগদান নিয়ে নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অরিজিৎ সিনহাকে অস্থায়ী দায়িত্ব দিয়ে আজ, বৃহস্পতিবার তিনি বাঁকুড়ার উদ্দেশে রওনা দিতে পারেন বলে পুলিশ সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে। বদলির অর্ডার হলেও নতুন এসপি হয়ে কে আসছেন, তা নিয়ে নির্দেশিকা না থাকায় জটিলতা তৈরি হয়েছে।
এরমধ্যেই অমিত বর্মা নামে এক আইপিএস অফিসার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে আসছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই তথ্য ভিত্তিহীন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। একবছর আগে আইপিএস অফিসারদের বদলির সুপারিশ নিয়ে একটি কপি ফাঁস হয়ে গিয়েছিল। যদিও সেটা কার্যকর হয়নি। সেই সুপারিশপত্রে অমিত বর্মার নাম পূর্ব মেদিনীপুরে ছিল। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম পূর্ব মেদিনীপুরের এসপি বলে ভাইরাল হয়েছে। এমনই খবর জেলা পুলিশ সূত্রে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন। তারপর পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার নিয়ে নির্দেশিকা জারি হতে পারে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ