Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ঘরোয়া লিগে আজ প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স, জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের

ইস্ট বেঙ্গল রিজার্ভের অনুশীলনে শৌভিক, এডমুন্ডদের দেখে অনেকেই অবাক। আসলে সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকে দ্রুত ফিট করতে চান অস্কার ব্রুজোঁ।

ঘরোয়া লিগে আজ প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স, জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ইস্ট বেঙ্গল রিজার্ভের অনুশীলনে শৌভিক, এডমুন্ডদের দেখে অনেকেই অবাক। আসলে সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকে দ্রুত ফিট করতে চান অস্কার ব্রুজোঁ। তাই তাঁদের ঘরোয়া লিগে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। শুক্রবার নৈহাটিতে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সুপার সিক্স অনিশ্চিত। এমন পরিস্থিতিতে পয়েন্ট নষ্ট মানেই আরও পিছিয়ে পড়া। তাই ম্যাচের আগে বেশ সতর্ক ইস্ট বেঙ্গলের কেরালাইট কোচ বিনো জর্জ। ৬ ম্যাচে কালীঘাট এস এলের পয়েন্ট মাত্র ৭। টেবিলের নবম স্থানে রয়েছে তারা। মধ্যম মানের দলের বিরুদ্ধেও তিনি এত গুটিয়ে কেন? আসলে গত ম্যাচে পুলিস এসি’র বিরুদ্ধে ০-২ গোলে হার কাঁপিয়ে দিয়েছে বিনোকে। এদিন তাঁর মন্তব্য, ‘ফুটবলাররা কিছুটা চাপে রয়েছে। তাদের মানসিকভাবে উদ্দীপ্ত করাই আসল।’ মোদ্দা কথা জয়ের সরণিতে ফেরাই বিনোর লক্ষ্য।

Advertisement

ম্যাচের আগের দিন যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রস্তুতি সারল বিনোর দল। কার্ড সমস্যায় নেই ডেভিড ও লাকরা। চোটের তালিকাও বেশ লম্বা। জেসিন, মনোতোষ চাকলাদার, মনোতোষ মাজিরা এখনও আনফিট। ইঙ্গিত মিলেছে দেবজিৎ, শৌভিক, মার্তন্ড রায়না ও এডমুন্ডকে কালীঘাটের বিরুদ্ধে খেলানোর পরিকল্পনা থিঙ্কট্যাঙ্কের। ২৪ ঘণ্টা আগে ডুরান্ড কাপে নামধারী এফসি’র বিরুদ্ধে ম্যাচ খেলেছেন মার্তন্ড। এদিন মাঠে এলেও বিশ্রাম নেন। পাশাপাশি তন্ময়, নাসিব, সায়ন, রোশালদেরও তৈরি রাখা হচ্ছে। শুরুতে ঝাঁকুনি দিয়ে গোল তুলে নেওয়াই বিনোর লক্ষ্য। গত মরশুমে ঘরোয়া লিগে অপরাজিত ছিল ইস্ট বেঙ্গল। খেতাব নিয়ে সিদ্ধান্ত আদালতে ঝুলে। তাই ট্রফি এখনও অধরা। কিন্তু চলতি মরশুমে তাল কাটছে বারবার। ইতিমধ্যেই দু’টি ম্যাচে বশ মেনেছে বিনোর দল। নিজেও জানেন, সুপার সিক্সে না পৌঁছালে চেয়ার নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে, কালীঘাট এসএলের টিডি সাবির আলি অসুস্থ। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডাগ-আউটে থাকতে পারবেন না তিনি। 
 নৈহাটিতে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। 
সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ