Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শহরে হাজির ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার জোলিনিস্কি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র পরবর্তী ম্যাচে ১৩ অক্টোবর যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইরাকের আল শোর্তে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জর্ডন থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

শহরে হাজির ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার জোলিনিস্কি
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র পরবর্তী ম্যাচে ১৩ অক্টোবর যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইরাকের আল শোর্তে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জর্ডন থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। ফলে রশিদ-আনোয়ারদের ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়েছে। মরশুমের অনেকখানি সময় বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল সাজাতে হচ্ছিল কোচ হাবাসকে। তবে স্প্যানিশ কোচকে স্বস্তি জুগিয়ে সোমবার ভোররাতে শহরে পা রাখেন লাল-হলুদের পোলিশ স্ট্রাইকার লুকাস জোলিনিস্কি। সবকিছু ঠিক থাকলে, কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন তিনি। ফলে আল শোর্তে ম্যাচে লুকাসকে রেখেই দল সাজাতে পারবেন হাবাস। দলের আর এক বিদেশি স্ট্রাইকার একে লোবা গত সপ্তাহে শহরে পৌঁছালেও, মেডিকেল রিপোর্টে বেশ কিছু সমস্যা থাকায় এখনই মাঠে নামা হচ্ছে না তাঁর। অপর বিদেশি এফিয়ংয়ের ভিসা সমস্যা মিটলেও, তিনি শহরে কবে আসবেন তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এদিকে, এসিএল-টু’র ম্যাচের আগে মাঠ সমস্যায় জেরবার ইস্ট বেঙ্গল। কলকাতায় মাঠ না মেলায় সোমবার কল্যাণীতে প্রস্তুতি সারেন স্প্যানিশ কোচ। টিম হোটেল থেকে শিল্প শহরে যাতাযাতে অনেকটাই সময় পেরিয়ে যাচ্ছে। তাতে বিরক্ত কোচ হাবাস।  মঙ্গলবার রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্রস্তুতি সারবে ইস্ট বেঙ্গল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ